ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার আশা করতেই পারে ভারত। শুধু তাই নয়, নিট রান রেট বাড়ানোই হবে তাদের লক্ষ্য।
নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় খেলা শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩ টায়।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ভারত বাংলাদেশের বিপক্ষে জেতে ৮৭ রানে। পরের খেলায় ইংল্যান্ডের সঙ্গে টাই করে। তৃতীয় খেলায় আয়ারল্যান্ডকে হারায় ৫ উইকেটে। ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের এটি তৃতীয় খেলা। প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে হারে ৬ উইকেটে। পরের খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে ২১৫ রানে। তৃতীয় খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ২৩১ রানে। ফলে এখনো ঝুলিতে জমা পড়েনি কোনো পয়েন্ট।
একদিনের ক্রিকেটে এর আগে একবারই খেলেছে ভারত ও নেদারল্যান্ডস, ২০০৩ সালের বিশ্বকাপে। খেলায় নেদারল্যান্ডস হার মানে ৬৮ রানে।
ভারতের ব্যাটিং বিশ্বের অন্যতম সেরা। নিজেদের মাটিতে ভারত উড়িয়ে দিতে পারে যে কোনো দেশের বোলিং আক্রমণ।
নেদারল্যান্ডসের বিপক্ষে নিট রান রেট আরো বাড়িয়ে নেয়াই হবে ভারতের প্রধান লক্ষ্য। সামনের কঠিন খেলাগুলোর আগে বিশ্রাম দেয়া হতে পারে দুই-একজন ক্রিকেটারকে।
ভারতের ব্যাটসম্যানরা ছন্দেই আছেন। শেষ খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৬ ওভার পর্যন্ত খেলতে হলেও নেদারল্যান্ডসের বিপক্ষেই স্বরূপে ফিরতে পারেন ব্যাটসম্যানরা।
ইংল্যান্ডের বিপক্ষে বাজে বল করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করেছেন ভারতের বোলাররা। বোলারদের ব্যবহারের ক্ষেত্রেও কৌশলের পরিচয় দেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
নিয়মিত বোলারদের পাশাপাশি ইউসুফ পাঠান ও যুবরাজ সিংকেও ব্যবহার করছেন তিনি।
শুরুতেই জহির খান ও মুনাফ প্যাটেলের উইকেট নেয়ার সামর্থ্য আছে।
অন্যদিকে প্রথম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে ২৯২ রান করলেও পরের দুই খেলায় দাঁড়াতেই পারেননি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। ভারতের বিপক্ষে লড়াই করার পুঁজি গড়তে রানে ফিরতে হবে রায়ান টেন ডয়েস্কেট, টম কুপার, পিটার বোরেনদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮১৭ ঘ.
bdnews24