২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এত সহজে জিতবো ভাবিনি: সামি

বাংলাদেশের বিপক্ষে এত সহজে জিতবেন বলে ভাবেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন সামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে এত সহজে জিতবেন বলে ভাবেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডারেন সামি। খেলা শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তবে এত সহজে জিতবো ভাবিনি।" বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় খেলায় জিতে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের কারণ সম্পর্কে সামি বলেন, "আমরা কঠোর অনুশীলন করেছি। খেলেছিও ভালো। তাই জিতেছি।" তবে এই জয়কে প্রতিশোধ হিসেবে দেখছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। বলেন, বরং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গৌরবময় ইতিহাসকে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটা ছোট্ট একটা জয় মাত্র। টস জিতলে ব্যাটিং না ফিল্ডিং করতেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "জিতলে কি করতাম, তা না বলে বরং বলি হেরেই ভালো হয়েছে।" বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের পর কি মনে করছেন আপনার দল বিশ্বকাপ জিতবে? এই প্রশ্নের জবাবে সামি বলেন, "আমরা ধাপে ধাপে এগোতে চাই। এখন আমাদের লক্ষ্য পরের খেলায় জেতা।" "বোলারদের বলেছি তোমরা নিজেদের কাজটা ঠিক মতো কর। কেমার রোচ শুরুটা ভালো করেছে। এছাড়া ভালো করেছে সুলেইমান বেনও,"বলেন তিনি। উইকেট প্রসঙ্গে সামি বলেন, "উইকেট ভালো ছিল। ব্যাটিং-উইকেটে কিভাবে বল করতে হয়, তা আমার বোলাররা ভালো করেই জানে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৫৪ ঘ.