চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে দ্রুতবেগে নেমে সেনা কমান্ডো দলের সদস্যরা ছুটে গেলেন জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের দিকে। বোমা হামলায় আতঙ্কিত খেলোয়াড়দের ঘিরে রেখেছে র্যাব-পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার সকালে এভাবেই বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু চট্টগ্রামের এই স্টেডিয়ামে চলে ঘণ্টাব্যাপী নিরাপত্তা মহড়া। বিশ্বকাপ ক্রিকেটের খেলা চলাকালে সম্ভাব্য নাশকতা এড়াতে এ বিশেষ 'ক্রাইসিস ম্যানেজমেন্ট মহড়া'র আয়োজন করা হয়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১১ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচ।
সকাল ১১ টা ২৩ মিনিট। মাঝমাঠে অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা। এসময় হঠাৎ পূর্ব গ্যালারির 'জি' গেটের পাশে বিকট শব্দে ফাটল বোমা। ধোঁয়া ও শব্দে দর্শকদের মাঝে হুড়োহুড়ি পড়ে গেলো।
দ্রুত গতিতে গ্যালারিতে ডুকে পড়েন র্যাব- ৭ এর সদস্যরা। মুহূর্তেই পুলিশের একটি দল মাঠে অবস্থান নিয়ে খেলোয়াড়দের কর্ডন করে সরিয়ে নিতে থাকে মিডিয়া বক্সের দিকে।
র্যাব ও সেনা সদস্যরা ততক্ষণে গ্র্যান্ড স্ট্যান্ড ও হসপিটালিটি বক্সে থাকা আইসিসি কর্মকর্তা, বিদেশি ও ভিআইপি দর্শকদের সরিয়ে নিতে শুরু করেছেন। বোমা বিস্ফোরণের ১০ মিনিটের মধ্যে চারপাশের গ্যালারিতে অবস্থান নিয়ে ফেলেন পুলিশ সদস্যরা। খেলোয়াড়, দর্শক ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার পর মাঠে অবস্থান নেন সেনা সদস্যরা।
সকাল ১১ টা ৪০ মিনিট। স্টেডিয়ামের উত্তর গ্যালারির পেছনে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এনে রাখা হয়েছে খেলোয়াড়দের। আকাশে চক্কর দিয়ে মহিলা কমপ্লেক্সের মাঠে নেমে এলো সেনাবাহিনীর হেলিকপ্টার।
ক্ষিপ্র গতিতে হেলিকপ্টার থেকে নেমে সেনাবাহিনীর কমান্ডো দলের সদস্যরা মাঠে ঢুকে পড়েন বোমা হামলাকারীদের সন্ধানে। তারপর সেনা ও বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারে করে আহত দর্শক ও খেলোয়াড়দের সরিয়ে নেওয়া হয়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিরাপত্তার চূড়ান্ত মহড়ার নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আবুল কাশেম। উপস্থিত ছিলেন র্যাব- ৭ এর অধিনায়ক ল্যেফটেনেন্ট কর্নেল আবু হেনা মোহাম্মদ মোস্তফা, সেনাবাহিনীর স্ট্রইকিং রিজার্ভ ফোর্সের প্রধান ল্যেফটেনেন্ট কর্নেল মো. হাফিজুর রহমান ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
মহড়ায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, এপিবিএন, কোস্টগার্ড, দমকল বাহিনী ও মেডিক্যাল টিমের মোট দেড় হাজার সদস্য অংশ নেয়।
মহড়া শেষে সমন্বয়কারী পুলিশ কমিশনার আবুল কাশেম সাংবাদিকদের বলেন, বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ চলার সময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর মোট সাড়ে তিন হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
মাঠ ও গ্যালারিতে মোট ৫৭ টি সিসিটিভি ক্যামেরা থাকবে। ভেন্যু অপারেশন সেন্টার থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া বিকালে নগরীর জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলে আরেকটি নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়। ম্যাচ চলাকালে এ হোটেলেই খেলোয়াড় ও আইসিসি কর্মকর্তারা অবস্থান করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২২৫০ ঘ.
bdnews24