ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে নিজেদের তৃতীয় খেলায় কানাডাকে ৪৬ রানে হারিয়েছে পাকিস্তান। এ নিয়ে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্র"প এ'র শীর্ষে উঠে এসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শহিদ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে ৪২ ওভার ৫ বলে ১৩৮ রানে গুটিয়ে যায় কানাডা।
আগের দুই খেলায় অসহায় আত্মসমর্পণ করা কানাডা এই খেলায় লড়াই করে হেরেছে। এক পর্যায়ে জাগিয়ে ছিলো জেতার সম্ভাবনাও।
৪র্থ উইকেটে ৬০ রানের জুটি দলকে ৩৩ ওভার ২ বলে ১০৪ রানে নিয়ে যান জুবিন সুকারি ও জিমি হানসারা।
তবে ৩৩ তম ওভারের ৩য় বলে সুকারিকে (২৭) এলবিডব্লিউ করে পাকিস্তানকে খেলায় ফেরান সাঈদ আজমল। ১০৪ রানে ৪র্থ উইকেটের পতনের পর আরো ৩৪ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারায় কানাডা।
এসময় সাজঘরে ফেরেন রিজওয়ান চিমা (৪), হানসারা (৪৩), হারভির বিদ্বান (০), টাইসন গর্ডন (৯), বালাজি রাও (১) ও হেনরি ওসিন্দে (০)। ফলে পাকিস্তানের চেয়ে এক বল কম খেলেই গুটিয়ে যায় কানাডার ইনিংস।
এর মধ্যে প্রথম ৪ জনকেই ফেরান আফ্রিদি। এর আগে কানাডার অধিনায়ক আশীষ বাগাইকে (১৬) দলীয় ৪৪ রানে ফেরান তিনি।
খেলায় ২৩ রানে ৫ উইকেট নিয়ে দলকে পথ দেখান সামনে থেকে। প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে দুই খেলায় ৫ উইকেট নিলেন আফ্রিদি। বিশ্বকাপে ৩ খেলায় ১৪ উইকেট নিয়ে তিনিই এখন শীর্ষে।
কানাডা ইনিংসের শুরতে ৪র্থ ওভারের শেষ বলে উমর গুলকে উইকেট দেন রবিন্দু গুনাসেকারা (৮)। দলের রান তখন ১৬। ওই রানেই পরের ওভারের প্রথম বলে অব্দুল রাজ্জাকের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান নিতিশ কুমার (২)।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
এসময় উইকেট ছুড়ে আসেন মিসবাহ-উল-হক (৩৭), আফ্রিদি (২০), রাজ্জাক (৮) ওয়াহাব রিয়াজ (০) ও আজমল (০)।
দলটি শেষ ৪ উইকেট হারায় ৪ রানে। ২ রানে অপরাজিত থাকেন গুল।
এর আগে উমর আকমল ও মিসবাহ ৫ম উইকেট জুটিতে ৭৩ রান সংগ্রহ করে দলকে আরো বড় বিপদের হাত থেকে রক্ষা করেন।
পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান উমর ৪৮ রানে করে রাওয়ের বলে এলবিডব্লিউ হলে ভাঙ্গে ওই জুটি।
৬৮ বলে খেলা তার এই ইনিংসে ৪টি চার ও ১টি ছয়ের মার ছিলো।
শুরুতে ১৭ ওভারে ৬৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন পাকিস্তানের প্রথম চার ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (১১), আহমেদ শেহজাদ (১২) কামরান আকমল (১৬) ও ইউনুস খান (৬)।
কানাডার পক্ষে বিদ্বান ৩৫ রানে নেন ৩ উইকেট। ২টি উইকেট নেন হানসারা, চিমা ও রাও। এ জন্য হানসারা দেন ২৩ রান। চিমা ৩৩। আর রাও ৫০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪২ ঘ.
bdnews24