২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-কানাডা, অসম লড়াই

টানা দুই বড় হারে কাবু কানাডার বিপক্ষে শক্তি পরীক্ষার একটা সুযোগ পাচ্ছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই বড় হারে কাবু কানাডার বিপক্ষে শক্তি পরীক্ষার একটা সুযোগ পাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের তৃতীয় খেলায় বৃহস্পতিবার কানাডার বিপক্ষে কলম্বোয় মাঠে নামবে পাকিস্তান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। রান রেটের হিসেব মাথায় রেখে কানাডাকে ন্যূনতম ছাড় দিচ্ছে না কোনো দল। ফলে প্রথম খেলায় দলটি শ্রীলঙ্কার কাছে হারে ২১০ রানে। পরের খেলায় জিম্বাবুয়ে হারায় ১৭৫ রানে। এর ঠিক উল্টো অবস্থা পাকিস্তানের। প্রথম খেলায় কেনিয়াকে হারায় ২০৫ রানে। পরের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জেতে ১১ রানে। দুই দল এর আগে একবারই খেলেছে, ১৯৭৯ এর বিশ্বকাপে। সেবার ৮ উইকেটে হারে কানাডা। বিশ্বকাপে এসে যেন খোলনলচে পাল্টে গেছে পাকিস্তানের। দলের শারীরিক ভাষায় এসেছে ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে শ্রীলঙ্কাকে হারানোর পর পাকিস্তান দলকে মনে হচ্ছে দারুণ আত্মবিশ্বাসী। ব্যাক্তিগত নৈপুণ্য নয়, বিশ্বকাাপে দলটি যেন দেখাতে এসেছে দলীয় নৈপুণ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর বিশ্বকাপের প্রস্তুতি খেলায় ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া পাকিস্তানকে নিয়ে দিন কয়েক আগেও বাজি ধরার মতো লোক পাওয়া যেতো না। কিন্তু দুই খেলা পরেই পাকিস্তান নিজেদের নিয়ে এসেছে পাদ প্রদীপের আলোয়। দুই উদ্বোধনী ব্যাটসম্যান এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেন নি। করতে হয়নি পরের দিকের ব্যাটসম্যানদেরও। সব দায়িত্ব যেন তুলে নিয়েছেন মাঝসারির ব্যাটসম্যানরা। ইউনুস খান, মিসবাহ-উল-হক, কামরান ও উমর আকমলে সমৃদ্ধ পাকিস্তানের ব্যাটিং নিয়ে যে কোনো দল দ্বিতীয়বার ভাবতে বাধ্য। এছাড়াও আছেন শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাকের মতো মারকুটে দুজন অলরাউন্ডার। দলের প্রয়োজনে ব্যাট কিংবা বল হাতে জ্বলে উঠতে পারেন এরা। শোয়েব আখতার উপভোগ করছেন নিজের বোলিং। গতি কিছুটা কমলেও বেড়েছে বলের উপর নিয়ন্ত্রণ, বেড়েছে ধার। শুরুতেই উইকেট নিয়ে কানাডা ধ্বংসস্তুপে পরিণত করতে পাশে পাচ্ছেন উমর গুলকে। দুই খেলায় ৯ উইকেট নিয়ে অফ্রিদি দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। পাশে পাচ্ছেন আব্দুর রেহমানকে। কানাডার বিপক্ষে পুরো শক্তির দল না নামানোর আভাস রয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। তারপরেও কানাডার পক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলা কঠিন হবে। জন ডেভিসন এখনো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এক রকম ব্যর্থ হয়েছেন আশীষ বাগাই, জিমি হানসারা, রিজওয়ান চিমাও। বড় দুই পরাজয়ের পর কানাডার জন্য এ খেলা মান বাচানোর লড়াইয়ে পরিণত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ