ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কানাডার বিপক্ষে জিততেই হবে জিম্বাবুয়েকে। সে সামর্থ্যও তাদের আছে। আর এই খেলায় জিতে নিজেদের ফিরে পেতে চায় কানাডা।
বিশ্বকাপের দ্বাদশ খেলা হবে সোমবার, নাগপুরে। শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৯১ রান হার মানে জিম্বাবুয়ে। কানাডার বিপক্ষে ২১০ রানের বিশাল ব্যবধানে জেতে শ্রীলঙ্কা।
এর আগে একদিনের আন্তর্জাতিক খেলায় দল দু'টো খেলেছে একবার। ২০০৬ সালের ১৬ মে কানাডার বিপক্ষে ২১৮ রান করেও ১৪৩ রানের বড় ব্যবধানে জেতে জিম্বাবুয়ে।
শক্তির বিচারেও এগিয়ে আছে জিম্বাবুয়ে। উপমহাদেশে যে কোন দলের সবচেয়ে ধারালো অস্ত্র হতে পারে স্পিন আক্রমণ। আর জিম্বাবুয়ে দলে স্পিনারের খুব একটা কমতি নেই।
অভিজ্ঞ রেমন্ড প্রাইস, প্রসপার উৎসেয়া, গ্রায়েম ক্রিমার হতে পারেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরার মূল অস্ত্র। এই তিনজন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ ওভারে ১২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। কানাডার অনভিজ্ঞ ব্যাটসম্যানদের বিপক্ষে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারা।
এছাড়া শুরুতে উইকেট নিয়ে কানাডাকে চাপে ফেলে দিতে পারেন ক্রিস্টোফার এমপফু।
অস্ট্রেলিয়ার ধারালো পেস আক্রমণের সঙ্গে পেরে না উঠলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। ব্রেন্ডন টেলর, তাতেন্ডা তাইবু, ক্রেগ ইরভিন, শন উইলিয়ামস গুড়িয়ে দিতে পারেন কানাডার বোলিং-আক্রমণ।
'পাওয়ার প্লে'তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন চিগুম্বুরা। প্রয়োজনে উৎসেয়া, ক্রিমারের ব্যাটও হতে পারে যথেষ্ট চওড়া।
প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপেক্ষ অসহায় আত্মসমর্পণের পর কানাডার জন্য এটা ফিরে আসার লড়াই।
তবে ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে হলেও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই ভালো খেলতে হবে তাদের।
শ্রীলঙ্কার বিপক্ষে দলটির উপরের সারির ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে তাদের কাছ থেকে রান আশা করছেন কানাডার অধিনায়ক আশীষ বাগাই।
এ জন্য তিনি তাকিয়ে আছেন রিজওয়ান চিমার দিকে আছে। প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৭ রান করেন তিন।
তাছাড়া আছেন জন ডেভিসন। শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে সাজঘরে ফিরলেও জিম্বাবুয়ের বিপক্ষে ঝড় তুলতে পারেন তিনিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৩২ ঘ.
bdnews24