২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপটাউন টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

২৩ উইকেট পতনের দিনে কেপটাউন টেস্টে চালকের আসনে বসেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য দলটির প্রয়োজন ১৫৫ রান। অস্ট্রেলিয়ার চাই ৯ উইকেট। এখনো তিন দিনের খেলা বাকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৩ উইকেট পতনের দিনে কেপটাউন টেস্টে চালকের আসনে বসেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য দলটির প্রয়োজন ১৫৫ রান। অস্ট্রেলিয়ার চাই ৯ উইকেট। এখনো তিন দিনের খেলা বাকি। একদিনের সর্বোচ্চ উইকেট হারানোর তালিকায় এর অবস্থান চার নম্বরে। ১৮৮৮ সালে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে পড়ে ২৭ উইকেট। ওই রেকর্ড ১২৩ বছর ধরে অক্ষুন্ন রয়েছে। প্রথম টেস্টে জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮১ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। অধিনায়ক গ্রায়েম স্মিথ ৩৬ ও হাশিম আমলা ২৯ রানে অপরাজিত রয়েছেন। এ পর্যন্ত তারা ৫৪ রান যোগ করেছেন। এর আগে দলীয় ২৭ রানে জ্যাক রুডলফকে (১৪) হারায় দক্ষিণ আফ্রিকা। এর পরে আরো উইকেট হারাতে পারতো স্বাগতিকরা। কিন্তু সফরকারী দলের ফিল্ডাররা সুযোগ হাতছাড়া করায় শেষ পর্যন্ত ভালো অবস্থানে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ বলেও আমলাকে জীবন দেন মাইক হাসি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস দিয়ে দিনের খেলা শুরু হয় শেষ হয় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস দিয়ে। মাঝখানে একবার করে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া অলআউট হয়। শেষ উইকেট জুটির দৃঢ়তায় দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্রিকেটে সর্বনিু রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বেঁচে যায় অস্ট্রেলিয়া। ১৮৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে এক পর্যায়ে ২১ রানে ৯ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ৪৭ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড তাই অটুট থাকলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিু টেস্ট সংগ্রহ। এর আগে ১৯৫০ সালে ডারবানে করা ৭৫ রানই ছিল তাদের সর্বনিু। দক্ষিণ আফ্রিকার পক্ষে অভিষিক্ত ভারনন ফিল্যান্ডার ৫ উইকেট নেন ১৫ রানে। মর্নে মরকেল ৯ রানে নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে শুধু নাথান লিয়ন ও পিটার সিডল দুই অঙ্কের ঘরে পৌঁছান। শেষ উইকেটে তারা ২৬ রানের জুটি গড়ে দলকে আরো বড় লজ্জার হাত থেকে বাঁচান। লিয়ন সর্বোচ্চ ১৪ রান করে আউট হয়ে গেলেও সিডল অপরাজিত থাকেন ১২ রানে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৯৬ রানে। সুবাদে ১৮৮ রানের লিড পায় অস্ট্রেলিয়া। নির্বাসন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এই প্রথম টেস্টে একশর নিচে অলআউট হল দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেয়া শেন ওয়াটসনের তোপের সামনে দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ৫ ওভারের এক বিধ্বংসী স্পেলে ১৭ রানে ৫ জনকে ফিরিয়ে দেন ওয়াটসন। এর আগে পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা রুডলফকে (১৮) ফিরিয়ে দিয়ে উইকেট শিকারের সূচনা করেন রায়ান হ্যারিস। ওয়াটসন থামার পর শেষটাও করেন তিনিই। শেষ পর্যন্ত ৪ উইকেট নেন ৩৩ রানে। সর্বোচ্চ ৩৭ রান আসে স্মিথের ব্যাট থেকে। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। এর আগে অধিনায়ক মাইকেল ক্লার্কের শতকের সুবাদে প্রথম ইনিংসে ২৮৪ রান করে অস্ট্রেলিয়া। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস আসে ক্লার্কের ব্যাট থেকে। ১৭৬ বলের ইনিংসটিতে ২২টি চার। ৮ উইকেটে ২১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শেষ ২ উইকেট হারিয়ে আরো ৭০ রান যোগ করে তারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ৪ উইকেট নেন ৫৫ রানে। এছাড়া ফিল্যান্ডার ও মরকেল নেন ৩টি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৯ ঘ.