ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৩৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। মাঠ ভেজা থাকায় ম্যাচের দৈর্ঘ্য ২ ওভার কমে ১৮ ওভারে নেমে আসে।
মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালামের অর্ধশতকের সুবাদে ৩ উইকেটে ১৮৭ রান করে নিউজিল্যান্ড। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৯ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে চামু চিবাবার অর্ধশতকের পরও ১৬ ওভার ৫ বলে ১৫৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
২৭ রানের মধ্যে হ্যামিল্টন মাসাকাদজা (৯) ও অধিনায়ক ব্রেন্ডন টেলর বিদায় নেয়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।
তৃতীয় উইকেটে চিবাবা ও এল্টন চিগুম্বুরা ৫৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দশম ওভারে তিন বলের ব্যবধানে চিগুম্বুরা (৩৯) ও চার্লস কভেন্ট্রিকে (০) ফেরান নাথান ম্যাককালাম। এরপর চিবাবাকেও (৬৫) ফেরান তিনি।
নিউজিল্যান্ডের পক্ষে ডগ ব্রেসওয়েল ও নাথান ম্যাককালাম ৩টি করে উইকেট নেন।
এর আগে নিউজিল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন ম্যাককালাম ও গাপটিল। ম্যাককালাম ৬৪ ও গাপটিল ৬৭ রান করেন।
ইনিংসের শেষ বলে রান আউট হয়ে বিদায় নেন অধিনায়ক রস টেলর (৮)। রাইডার অপরাজিত থাকেন ৩০ রানে।
জিম্বাবুয়ের পক্ষে কাইল জার্ভিস ২ উইকেট নেন ৩৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০০ঘ.
bdnews24