ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিশ্বকাপ দলকে ভারসাম্যপূর্ণ বলে বর্ণনা করেছেন প্রধান নির্বাচক রফিকুল আলম।
তিনি বলেন, "তিন বাঁ-হাতি স্পিনার, দুই অফস্পিনার, তিন পেসার, এক উইকেটরক্ষক, তিন উদ্বোধনী ব্যাটসম্যান ও মাঝের সারির তিন ব্যাটসম্যানের বাংলাদেশ দল অবশ্যই ভারসাম্যপূর্ণ।"
দল গঠনে কোন বিষয়টির ওপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে, সে ব্যাপারে তিনি বলেন, "পিচ ও 'কন্ডিশন' মাথায় রেখে দল ঘোষণা করা হয়েছে। এছাড়া কাকে কাকে খেলানো হবে তাও ভাবতে হয়েছে।"
বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের শতক নেই। গড়ও ভালো নয়। ৩০-এর বেশি গড় নেই কারো। তবে কাছাকাছি আছে চারজনের।
তবে এবার ভালো কিছু আশা করছেন রফিকুল। তিনি বলেন, "১৯৮৬ সাল থেকে বাংলাদেশের হয়ে যে কয়জন একদিনের খেলা খেলেছেন তাদের মধ্যে নয়জনের গড় ৩০-এর কাছাকাছি। তাদের মধ্যে ৮ জনই জায়গা পেয়েছেন দলে।"
খেলার কৌশল সম্পর্কে রফিকুল বলেন, "বিপক্ষ দলে বাঁ-হাতি ব্যাটসম্যান বেশি থাকলে দু'জন অফস্পিনার খেলবেন। নইলে বাঁ-হাতি স্পিনারকে নিয়মিত খেলানো হবে বলে তিনি জানান।
দলে তিন পেসার নেয়া কম হয়ে গেলো কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিশ্বকাপ শুরু হবে ফেব্র"য়ারিতে। সে সময় আবহাওয়া এখনকার মতো থাকবে না। বেশিরভাগ খেলা হবে বাংলাদেশে হবে বলে তিনজনের বেশি পেসারের দরকার নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/এসএনএল/১৮৪৫ ঘ.
bdnews24