২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে সমীহ করছেন ভেট্টোরি

দেশের মাটিতে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। তাই ওয়েলিংটন ছাড়ার আগে দলের খেলোয়াড়দের আত্মতুষ্টিতে না ভোগার জন্য সতর্ক করে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। তাই ওয়েলিংটন ছাড়ার আগে দলের খেলোয়াড়দের আত্মতুষ্টিতে না ভোগার জন্য সতর্ক করে দিয়েছেন তিনি। নিউজিল্যান্ড দলের পৌঁছানোর কথা মঙ্গলবার রাতেই। এ সফরে দু'দল পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। সব খেলাই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ বছরের ফেব্র"য়ারি মাসে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ একদিনের সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। কিন্তু ভেট্টোরি বলেছেন, নিজেদের মাটিতে বাংলাদেশ একেবারেই ভিন্ন প্রতিপক্ষ। যে কোনো দলকেই তারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতে একবারই, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ২০০৮ সালের ৯ অক্টোবর ওই খেলায় নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। যদিও সিরিজ জিতেছিল কিউইরা ২-১ ব্যবধানে। এ পর্যন্ত দু'দল ১৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ১৬ টিতে। 'নিউজিল্যান্ড হেরাল্ড'কে ভেট্টোরি বলেন, ''আমাদের দেশে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ হারলেও প্রতিটি খেলায় সমানতালে লড়েছিল। আমরা যদি মনে করি বাংলাদেশের মাটিতেও একইভাবে সিরিজ জিতব, তাহলে সেটা ভুল হবে। দল হিসেবে বাংলাদেশকে সমীহ না করে উপায় নেই। তাই সিরিজ জিততে চাইলে খেলোয়াড়দের সামর্থ্যরে সেরাটাই উজাড় করে দিতে হবে। এর কোনো বিকল্প নেই।'' একই সঙ্গে ভেট্টোরি দলের খেলোয়াড়দের বাংলাদেশের উইকেট এবং পরিবেশের সঙ্গে যতটা সম্ভব খাপ খাইয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৪৪ ঘ.