ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ পদত্যাগ করেছেন। আফগান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের কারণেই এই সিদ্ধান্ত নেন তিনি।
আফগানিস্তানের কোচ হিসেবে দু'বছর দায়িত্ব পালনের পর গত সপ্তাহে পদত্যাগ করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার কবির খান।
লতিফ জানান, তার পদত্যাগের কারণ তার কাজে কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপ। তিনি দাবি করেন একই কারণে কোচ কবিরও পদত্যাগ করেছেন।
লতিফ বলেন, "জালালাবাদে আফগান ক্রিকেটারদের সঙ্গে প্রশিক্ষণ পর্ব বেশ ভালোই কাটছিলো আমার। আমি চেয়েছিলাম সেখানে ও কাবুলে আরো বেশি অনুশীলন হোক। কিন্তু সেক্ষেত্রে কর্তৃপক্ষের পছন্দ ছিল শারজাহ।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৯৩২ ঘ.
bdnews24