২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদি থেকে দূরেই থাকছেন বিসিসিআই কর্মকর্তারা

আইপিএলের কর্ণধার ললিত মোদির সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে বিসিসিআই এর কর্মকর্তাদের। এরই বহি:প্রকাশ ঘটল শুক্রবার মুম্বাই হোটেলে হওয়া আইপিএল অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে। মোদির উপস্থিতিতে ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাই সে অনুষ্ঠানে হাজির হওয়ার আগ্রহ দেখাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 04:48 AM

Updated : 24 Aug 2022, 08:53 PM

মুম্বাই, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের কর্ণধার ললিত মোদির সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে বিসিসিআই এর কর্মকর্তাদের। এরই বহি:প্রকাশ ঘটল শুক্রবার মুম্বাই হোটেলে হওয়া আইপিএল অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে। মোদির উপস্থিতিতে ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাই সে অনুষ্ঠানে হাজির হওয়ার আগ্রহ দেখাননি। বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর, সেক্রেটারি এন শ্রীনিবাসন এবং আইপিএলের ভাইস-চেয়ারম্যান নিরঞ্জন শাহ ছাড়াই চলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর আগে সোমবারের আইপিএলের গভর্ণিং কাউন্সিলের সভা বাতিল করার জন্য অনুরোধ করে ছিলেন মোদি। কিন্তু এমন অনুরোধ রাখতে অস্বীকার করে বিসিসিআই। তবে মোদির সভা বাতিলের অনুরোধের সংবাদটি সত্য কি না তা জানা যায়নি। অনুষ্ঠানে টুর্নামেন্টের দলের মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় মালিয়া (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), প্রীতি জিনতা (কিংস ইলেভেন পাঞ্জাব), শিল্পা শেঠি ও রাজ কুন্দ্র (রাজস্থান রয়্যালস), গায়েত্রী রেড্ডি (ডেকান চার্জার্স) এবং জয় মেহতা (কলকাতা নাইট রাইডার্স)। আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যদের মধ্যে শুধু সুনীল গাভাস্কারই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোদি তার 'সতের বছরের স্বপ্ন' পূরণ করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে বলেন, " আইপিএলকে বর্তমান অবস্থানে নিয়ে আসা এবং বিশ্বের সব চেয়ে সফল ক্রিকেট প্রতিযোগিতার মর্যাদায় নিয়ে যেতে বিসিসিআই, দলগুলো, খেলোয়াড়, স্পন্সর এবং সর্বোপরি অগণিত ক্রিকেট অনুরাগীদের আমি ধন্যবাদ জানাই।" বিসিসিআই যে মোদির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিবে তার ইঙ্গিত দিয়ে আইপিএলের ভাইস-চেয়ারম্যান নিরঞ্জন শাহ বিবিসি স্পোর্টসকে বলেন, "একজন ব্যক্তির চেয়ে আইপিএল অনেক বড়। প্রত্যেকের উচিত প্রতিষ্ঠানটির আইন মেনে চলা। মি. মোদি উপস্থিত থাকুক বা না থাকুক সভা হবেই।" পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে মোদি তিন দিনের মধ্যে দ্বিতীয় বার কর্মব্যস্ততার অজুহাতে সোমবারের সভা বাতিল করার অনুরোধ করেছেন। প্রতিযোগিতাটি ও এর কমিশনারের বিরুদ্ধে অনৈতিক বিপুল আর্থিক সুবিধা ভোগের অভিযোগ খতিয়ে দেখতেই ঐ সভাটি ডাকা হয়েছে। ব্যাপকভাবে জল্পনা-কল্পনা চলছে সে সভায় মোদিকে তার পদ সরিয়ে দেওয়া হবে। প্রতিবেদনটিতে উল্লেখ ছিল মোদি বিসিসিআইকে দেওয়া এক ই-মেইলে লিখেছেন। "সকল প্রশ্নের উত্তর দেওয়ার স্বার্থে আমার নথি-পত্র তৈরি করা দরকার। আমি পাঁচ বছর যাবত কোনো অর্থ না নিয়ে আপনাদের (বিসিসিআই) জন্য কাজ করে যাচ্ছি। নথি-পত্র তৈরি করতে আমাকে মাত্র পাঁচ দিন সময় দিন।" প্রসঙ্গত, মোদি ২১ এপ্রিলে একই ধরণের অনুরোধ করে ছিলেন। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর কঠোর ভাবে তা নাকচ করে দেন। গুজব ডালপালা মেলছে যে এই সভার বৈধতা চ্যালেঞ্জ করে বিসিসিআই এর বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথা ভাবছেন মোদি। যদিও এমনটি করার কথা তিনি অস্বীকার করেছেন। মোদি যদি সভায় অনুপস্থিত থাকেন তাহলে গভর্নিং কাউন্সিল সভায় তাকে আইপিএলের কমিশনার ও চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ধারণা করা হচ্ছে। এত বিতর্কের পরও আইপিএলে তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে সপ্তাহজুড়েই বলে আসছেন মোদি। আইপিএল জুরি অ্যাওয়ার্ড: বেস্ট ডেব্যু পারফরম্যান্স- কিয়েরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স), বেস্ট ব্যাটসম্যান - শচীন টেন্ডুলকার (মুম্বাই ইন্ডিয়ান্স), বেস্ট বোলার - প্রজ্ঞান ওঝা (ডেকান চার্জার্স), বেস্ট ড্রামাটিক পারফরম্যান্স - হরভজন সিং (মুম্বাই ইন্ডিয়ান্স), মোস্ট কন্সিসটেন্ট পারফর্মার - জ্যাক ক্যালিস (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), বেস্ট ব্রেকথ্রু পারফরম্যান্স ২০০৮ - ব্রেন্ডন ম্যাককুলাম (কলকাতা নাইট রাইডার্স), বেস্ট ব্রেকথ্রু পারফরম্যান্স ২০০৯ - অনিল কুম্বলে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), বেস্ট ফিল্ডার - এবি ডি ভিলিয়ার্স (দিল্লি ডেয়ার ডেভিলস), বেস্ট গ্রাউন্ড - ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়াম, বেস্ট স্টেডিয়াম এক্সপেরিয়েন্স - মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/২২২০ ঘ.