ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রনি তালুকদারের শতক সত্ত্বেও গ্রামীণফোন -বিসিবি একাডেমি কাপের চারদিনের প্রথম খেলার দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে ১৯৫ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল।
সফরকারীদের প্রথম ইনিংসে করা ৩৭১ রানের জবাবে জিপি- বিসিবি একাডেমি দল গুটিয়ে যায় ২৫১ রানেই। দ্বিতীয়বার ব্যাট করে দিন শেষে দুই উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলায় আগের দিনের এক উইকেটে ২৩ রান দিয়ে শুরু করা জিপি- বিসিবি একাডেমী দল সফরকারীদের মারাত্মক বোলিংয়ে ৭৩ রানেই ছয় উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে।
খাদের কিনারে থাকা দলকে টেনে তুলতে প্রয়াস চালান রনি ও তানভির হায়দার। তাদের শতাধিক রানের জুটিতে সম্মানজনক স্কোর করে জিপি-বিসিবি দল।
রনি ১৭ চার ও দুই ছয়ে ১০৪ রান করেন। অন্যদিকে তানভির ছয়টি চার ও এক ছয়ে হার না মেনে ৬৯ রান তোলেন।
ও.পিয়েনার ৪৭ রানে শীর্ষ তিন উইকেটের পতন ঘটান। ৪৮ রানে কে. মহারাজ তুলে নেন মধ্যসারির তিন ব্যাটসম্যানকে। আর ১৯ রানে তিন উইকেট নেওয়া ওয়াই. ভ্যালি স্বাগতিকদের ইনিংসের লেজের অংশটা গুড়িয়ে দেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩২ ওভারে কে. জোন্দো (২১) ও ডি. মিলারের (১৪) উইকেট দু'টি হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। ৩২ রানে ক্রিজে আছেন টি. বডি।
সাকলায়েন সজিব জোন্দোর উইকেটটি নেন। আর মিলারকে রান আউটের ফাঁদে ফেলে সাজ ঘরে পাঠান নাসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৮৪৫ ঘ.
bdnews24