ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫৭ রানে হারিয়ে দশম জয় তুলে নিয়েছে শীর্ষে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স।
২০ ওভারে মুম্বাইয়ের চার উইকেটে ১৯১ রানের জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স নয় উইকেটে তোলে ১৩৪ রান, নির্ধারিত ওভার শেষে।
ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ম্ম্বুাইকে ব্যাট করার আমন্ত্রণ জানায় রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলীয় ৩৪ রানে অধিনায়ক শচীন টেন্ডুলকারকে হারিয়ে কিছুটা হোঁচট খেলেও রায়ান ম্যাকলারেন ,আমবতি রায়দু ও জ্যঁ পল ডুমিনির ইনিংস তিনটির সুবাদে বড় স্কোর গড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।
রায়ান ম্যাকলারেন ৪০ বলে ৪২ রান করে কেভিন পিটারসনের বলে এলবিডব্লিউ-র ফাঁদে পড়েন। জ্যাক ক্যালিসের শিকার হওয়ার আগে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আমবতি রায়দু। আর পল দুমিনি ১৯ বলে খেলেন হার না মানা ৪২ রানের ইনিংস।
জ্যাক ক্যালিস ৪১ রানে ২ উইকেট নেন । এছাড়া অনিল কুম্বলে ও কেভিন পিটারসন একটি করে উইকেট লাভ করেন।
১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে কিয়েরণ পোলার্ড, দিলহারা ফার্নান্দো ও হরভাজন সিংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিরাট কোহলি ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্সের কোনো ব্যাটসম্যানই তেমন সুবিধা করতে পারেননি। বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় চ্যালেঞ্জার্সদের।
কোহলি ৩৭ রান করেন। এছাড়া কেভিন পিটারসেনের ব্যাট থেকে আসে ২১ রান।
পোলার্ড ২৮ রানে তিনটি উইকেট নেন। এছাড়া ফানার্ন্দো ও হরভাজন দু'টি করে উইকেট শিকার করেন।
ম্যাচ সেরা বিবেচিত হন মুম্বাই ইন্ডিয়ান্সের রায়ান ম্যাকলারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/২১৩৫ ঘ.
bdnews24