ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য ডেকান চার্জার্সকে ১৬২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ওয়াইজ শাহ ও অ্যাঞ্জেলো ম্যাথুসের অর্ধশতকে নির্ধারিত ওভারে চার উইকেটে ১৬১ রান করে রাইডার্স।
মুম্বাইয়ের ড. ডিওয়াই প্যাটেল স্পোর্টস অ্যাকাডেমীতে টস জিতে নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় গত আসরের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স। প্রথম ওভারেই চামিন্দা ভাসের বলে সাজঘরে ফেরেন সৌরভ গাঙ্গুলী ও উদ্বোধনী ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। দলের রান তখন শূন্য।
পঞ্চম ওভারে আরপি সিংয়ের বলে ওঝার হাতে ক্যাচ তুলে দেন পূজারা (১০)। পরের ওভারে জাসকারান সিংয়ের বলে গিবসের হাতে ক্যাচ দিয়ে তার সঙ্গী হন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্রাড হজ (১৩)। এরপরই দলের হাল ধরেন ম্যাথুস ও শাহ।
মাত্র ৩১ রানেই চার উইকেটের পতনের পর এই দুই ব্যাটসম্যান ১৩০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে নির্ধারিত ২০ ওভারে দলীয় ইনিংসকে টেনে নেন ১৬১ রানে।
ম্যাথুস পাঁচ চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৬ বলে অপরাজিত ৬৫ রান করেন। সমান বলে শাহ ৫৮ রান করেন, তিন চার ও তিন ছয়ের সাহায্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/ ২২৩০ ঘ.
bdnews24