২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫২ রানে হারিয়ে এসএ গেমস ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের ১৫৬ রানের জবাবে পাকিস্তানের ইনিংস মুখ থুবরে পড়ে ১০৪ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 12:24 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫২ রানে হারিয়ে এসএ গেমস ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের ১৫৬ রানের জবাবে পাকিস্তানের ইনিংস মুখ থুবরে পড়ে ১০৪ রানে। দিনের অন্য ম্যাচে মালদ্বীপকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে শ্রীলঙ্কা ২২০ রান করে। ২২১ রানের লক্ষ্যে ব্যাট করে মালদ্বীপের ইনিংস থেমে যায় মাত্র ৭৩ রানে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নামে। উদ্বোধনী জুটিতে ভালো ভিত্তি রচনা না হলেও মিথুন, নাসির হোসেন ও সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান তোলে ৬ উইকেট হারিয়ে। মিথনু ৩২, নাসির ৪৫ ও সাব্বির ৪৬ রান করেন। পাকিস্তানের জুনায়েদ খান ২০ রানে ৩ উইকেট নেন। জেতার জন্য ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানেই ৪ উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে পাকিস্তান। নাসির, সানজামুল ইসলাম ও শুভাশীষ রায়ের দুর্দান্ত বোলিংয়ের মুখে হারানো পথ আর খুঁজে পায়নি পাকিস্তান। ১৬ বল বাকি থাকতেই ১০৪ রানে গুটিয়ে যায় ইনিংস। পাকিস্তানের মাত্র তিন ব্যাটসম্যান দুই অংকের কোঠায় পৌঁছাতে পারে। নায়ার আব্বাস সর্বোচ্চ ৩৭ রান করেন। নাসির, সানজামুল ও শুভাশীষ দুটি করে উইকেট নেন। আগের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২০ রান করে শ্রীলঙ্কা। প্রিয়রঞ্জন ৫০ বলে হার না মানা ৯২ রান করেন। ২২ বলে অপরাজিত ৪৪ রান করেন পেরেরা। জিলওয়াজ রাশেদ ২৭ রানে দুটি উইকেট নেন। মালদ্বীপ জিততে পারবে না জেনে সবকটি উইকেট না হারানোর লক্ষ্যে ব্যাট করে এবং সফল হয়। ২০ ওভারে মাত্র ৭৩ রান সংগ্রহ করলেও মালদ্বীপের ৫ ব্যাটসম্যানকে মাঠে নামতে হয়নি। আহমেদ হাসান ১৭ ও হুসাম ইব্রাহিম ১৫ রান করেন। অ্যাঞ্জেলো পেরেরা ৬ রানে দুই উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮১৯ ঘ.