ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা সফরে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল তার উত্তরসূরি ড্যারেন সামির প্রতি সমর্থন জানিয়েছেন।
সফরটি শুধু সামির জন্য নয়, দলের জন্যও 'চ্যালেঞ্জ' বটে। সামি টেস্ট খেলেছেন মাত্র আটটি। টেস্টে দলের নিয়মিত সদস্য না হওয়ার পরও গেইলের বদলে তাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
গেইল বলেন, "নতুন ভূমিকায় দেখা যাবে সামিকে। আমি তার শুভকামনা করছি। তাকে পেয়ে আমরা উজ্জীবিতই থাকবো এবং প্রয়োজনীয় সব সমর্থনও দেব।"
"দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব সামিকেই নিতে হবে। আমরা জানি তিনি তা পারবেন। সবাই তাকে পরখ করবো, নির্দেশনা দেব ও সাহায্য করবো" বললেন তিনি।
শ্রীলঙ্কা সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল অনুশীলন সেরেছে বার্বাডোজে। সেই অনুশীলনে সন্তুষ্ট গেইল। বলেন, "অনুশীলন সত্যিই খুব ভালো হয়েছে। আমরা জেতার কথাই ভাবছি।"
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে এসএসসি'র বিপক্ষে এটি প্রস্তুতি ম্যাচও খেলবে সামিরা।
গেইল ও তার কয়েকজন সতীর্থ শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন বৃহস্পতিবার। অন্যদের রওনা দেয়ার কথা শুক্রবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৪৭ ঘ.
bdnews24