২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের সেঞ্চুরিতে বিশাল জয়

জিততে শিখেছে বাংলাদেশ। ধারাবাহিকভাবেই। ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট এবং একদিনের ক্রিকেটে হোয়াইটওয়াশের পর জিম্বাবুয়েতেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। গ্রামীণফোন ওয়ানডে কাপ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিততে শিখেছে বাংলাদেশ। ধারাবাহিকভাবেই। ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট এবং একদিনের ক্রিকেটে হোয়াইটওয়াশের পর জিম্বাবুয়েতেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। গ্রামীণফোন ওয়ানডে কাপ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। বাংলাদেশ যে ফর্মে আছে প্রথম ওয়ানডে খেলার পর বোঝার বাকি নেই জিম্বাবুয়ের। অথচ কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটের গরম খবর ছিল বাংলাদেশকে টিকতেই দেবে না জিম্বাবুয়ে। তাদের বাগাড়ম্বর এবার হয়তো থেমে যাবে। সিরিজ জয়ের সুপ্ত বাসনা নিয়ে অপেক্ষা করতে হবে পরের ম্যাচের জন্য। রোববার বুলাওয়েতে আশরাফুলের সেঞ্চুরি আর তামিম ইকবালের হাফ সেঞ্চুরির ওপর ভর করে জিম্বাবুয়ের ২০৮ রানের টার্গেটে ৯৩ বল বাকি থাকতেই পৌঁছে যায় বাংলাদেশ। বোলিং ভাল হলে এমনিতেই উজ্জীবিত হন ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ের শুরুটা ভালই করে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল আর জুনায়েদ সিদ্দিকী মারমুখো ব্যাট করেন। ১২ বল খেলে ২১ রান তুলে আউট হন জুনায়েদ। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৩০। সেখান থেকে দলের রান এগিয়ে নিতে তামিমকে সঙ্গে নিয়ে গুরু দায়িত্ব পালন করেন লিটল মাস্টার আশরাফুল। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন সাবেক অধিনায়ক। স্বাগতিক বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে ক্যারিয়ারে যোগ করেন তৃতীয় সেঞ্চুরি। বারটি চার ও দু'টি ছয় দিয়ে ১০৩ বলে নিজের ১০৩ রানের ইনিংসটি সাজিয়েছেন আশরাফুল। একদিনের ক্রিকেটে তার আগের সেঞ্চুরি দু'টি ছিল কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে ম্যাচে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেঞ্চুরি পান গত বছর পাকিস্তানে এশিয়াকাপ ক্রিকেটে আরব আমিরাতের বিপক্ষে। আশরাফুলের সেঞ্চুরির কল্যাণেই এশিয়া কাপের ঐ ম্যাচটিও জিতেছিল বাংলাদেশ। আশরাফুল ভাল খেললেই ম্যাচ জেতে বাংলাদেশ। কেবল বাংলাদেশই নয় সারা ক্রিকেট বিশ্বেই এই গুঞ্জন আছে। কিন্তু অধারাবাহিক আশরাফুলকে সমালোচনাও কম সইতে হয় না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে হাফ সেঞ্চুরির পর শেষ ম্যাচেও কিছুটা রান করেন আশরাফুল। তারই ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পেলেনে তিনি। দিনটি তার জন্য খুবই আনন্দের। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি দিয়েই একদিনের ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই মাস্টার ব্যাটসম্যান। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড তার একার। জিম্বাবুয়ের বিপক্ষ ম্যাচ দিয়েই ২০০১ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল আশরাফুলের। ১৪৩তম ম্যাচে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই রেকর্ড গড়লেন লিটল জিনিয়াস। এ জয়ে তামিমের অবদানকেও খাটো করে দেখার উপায় নেই। চিগুম্বুরার বলে কভেন্ট্রির হাতে ক্যাচ দেয়ার আগে ৬৩ রান করেছেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৭টি বাউন্ডারি দিয়ে ৬৮ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তামিম। বিদায় নেওয়ার আগে আশরাফুলের সঙ্গে সমান তালে ব্যাট করে ১৩৭ রানের জুটি গড়েন। এটি তার নবম হাফ সেঞ্চুরি। এর আগে বুলাওয়েতে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমেই হোচট খায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই উইকেট পতন। তাও আবার উদ্বোধনী বলে। প্রতিপক্ষের মনবল ভেঙ্গে দিতে পেসার সৈয়দ রাসেল বাহবা পাওয়ার মত কাজই করেছেন। বাঁহাতি এই স্লো-মিডিয়াম পেসার মাসাকাজ্জাকে কিছু বুঝে ওঠার সুযোগই দেননি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ইনিংসের শুরুতে উইকেট পতনের পর জিম্বাবুয়ের রানের গতি যে কমে যাবে তা বলার অপেক্ষা রাখে না। হয়েছেও তাই। প্রথম পাঁচ ওভার শেষে তাদের রান ছিল এক উইকেটে ১৪। আর ১০ ওভার শেষে দুই উইকেটে ৩৫ রান। বাধ্যতামূলক পাওয়ার প্লেতে রানরেট কম থাকলেও পরের ওভারগুলোতে ব্যাটসম্যানরা তা পুষিয়ে দেন। মার্ক ভার্মুলেনের কল্যাণে মাঝে ঠিকই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান মার্ক ভার্মুলেন ৪৩ ওভার পর্যন্ত উইকেট আগলে রেখে দলকে এগিয়ে নেন অনেকখানি। বলতে গেলে তার কল্যাণেই ২০০ রানের কোঠা পেরিয়েছে জিম্বাবুয়ে। রান আউট হয়ে বিদায়ের আগে ভার্মুলেন করেন ৯২। তিনি শেষ ওয়ানডে খেলেছেন ২০০৪ সালে। সাকিবের বলে একবার এলবিডব্লিউর হাত থেকে বেঁচে যান তিনি। আর দ্বিতীয় দফায় নাজমুলের ক্যাচ ফেলার সুযোগকে কাজে লাগাতে ভুল করেননি পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অভিজ্ঞ এই ব্যাটসম্যান। স্বাগতিক দলের বাকি ১০ জন মিলে ভার্মুলেনের চেয়ে মাত্র ১৫ রান বেশি যোগান দিয়েছেন দলকে। তাদের ব্যাট থেকে এসেছে ১০৭ রান। অতিরিক্ত ৮ রানসহ জিম্বাবুয়ের সংগ্রহ ২০৭। জিম্বাবুয়েকে কম রানে বেঁধে রাখার পেছনে পুরো কৃতিত্বই বাংলাদেশের বোলারদের। পেসাররা যেখানে শেষে করেছিলেন স্পিনাররা সেখান থেকেই শুরু করেন। দুই পেসার নিয়েছেন চার উইকেট। আর তিন স্পিনারের দখলে গেছে পাঁচ উইকেট। আরেকজন হন রান-আউট। জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ২৫ রানে। নাজমুলের বলে ক্যাচ দেন চিভাবা। এরপর সেট হয়ে তৃতীয় উইকেট জুটিতে ভার্মুলেনকে সঙ্গ দেন টেলর। দলীয় ৭৪ রানে টেলরকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যক্তিগত ২০ রানে এলবিডব্লিউ হন টেলর। চতুর্থ উইকেট পতনের আগে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১১০ রান। আশরাফুলের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন কভেন্ট্রি। সেখান থেকে শেন উইলিয়ামস এবং মাতসিকানেরির উইকেট শিকার করে রিয়াদ ম্যাচে ফেরান বাংলাদেশকে। চিগুম্বুরাকে সরাসরি বোল্ড করে স্বস্তি ফিরিয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার ব্যাট থেকে আসে ২০ রান। লেজের দুই উইকেট তুলে নেন পেসার নাজমুল হোসেন। উতসেয়া ১৪ আর প্রাইস ১১ রানে নাজমুলের বলে সরাসরি বোল্ড হন। নাজমুল তিনটি, সাকিব ও মাহমুদ উল্ল