২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ রানের হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

১৮১ রানের টার্গেট টোয়েন্টি-টোয়েন্টির বিচারে কঠিনই মানতে হয়। তারপরও জুনায়েদ সিদ্দিকী আর তামিম ইকবাল যে ভাবে শুরু করেছিলেন তাতে সেটাকে অসম্ভব কিছু মনে হচ্ছিল না। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে পোর্ট অফ স্পেনের স্মৃতি ফিরিয়ে আনার স্বপ্নও উঁকি দিচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

নটিংহ্যাম, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮১ রানের টার্গেট টোয়েন্টি-টোয়েন্টির বিচারে কঠিনই মানতে হয়। তারপরও জুনায়েদ সিদ্দিকী আর তামিম ইকবাল যে ভাবে শুরু করেছিলেন তাতে সেটাকে অসম্ভব কিছু মনে হচ্ছিল না। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে পোর্ট অফ স্পেনের স্মৃতি ফিরিয়ে আনার স্বপ্নও উঁকি দিচ্ছিল। কিন্তু দুই ওপেনারের বিদায়ের পর এক নাইম ইসলাম ছাড়া আর কারো ব্যাটেই প্রতিরোধের আভাস না থাকায় ২৫ রানের হার দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। শনিবারের এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ভারতের তোলা ৫ উইকেটে ১৮০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পেরেছে ৮ উইকেটে ১৫৫ রান। জুনায়েদ মাত্র ২২ বলে তিনটি ছক্কা আর দুটি চারের সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেছেন। তিনটি ছক্কা মেরেছেন নাইমও, ১৭ বলে ২৮ রান করে তিনি আউট হয়েছেন এক বল বাকি থাকতে। আর তিনটি বাউন্ডারিতে ১০ বলে তামিম করেছেন ১৫ রান। মাত্র ২১ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের সর্বনাশটা করেছেন লেগস্পিনার প্রজ্ঞান ওঝা। আর পেসার ইশান্ত শর্মা ৩৪ রানে পেয়েছেন দুুটি উইকেট। এর আগে যুবরাজ সিংয়ের মাত্র ১৮ বলে ৪১ আর গৌতম গম্ভীরের ৫০ রানের দুটি ইনিংস বর্তমান চ্যাম্পিয়নদের এনে দিয়েছে ১৮১ রানের 'বড়' স্কোর। এছাড়া রোহিত শর্মা ৩৬ আর মহেন্দ্র সিং ধোনি ২৬ রান করেছেন। বাংলাদেশের পক্ষে ৩২ রানে দুটি উইকেট পেয়েছেন নাইম। সাকিব, রুবেল আর শাহাদাৎ পেয়েছেন একটি করে উইকেট। টস জিতে ব্যাট করতে নামা চ্যাম্পিয়নদের দারুণ সূচনাই এনে দিয়েছেন রোহিত আর গম্ভীর, তবে তাতে বাংলাদেশের ফিল্ডারদেরও খানিকটা বদান্যতা আছে। খুব কাছ থেকে নেওয়া থ্রোগুলো বার-বারই স্টাম্প মিস করায় রানআউটের একাধিক সুযোগ নষ্ট হয়েছে, আর জীবন পেয়েছেন দুই ওপেনারই। রুবেল হোসেনের প্রথম বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে যখন বেঁচে যান গম্ভীর, তখন তার সংগ্রহ মাত্র ১৩। নাইম ইসলাম অবশ্য সাধ্যমতোই চেষ্টা করেছিলেন, অনেকটা লাফিয়ে বলের নাগালও পেয়েছিলেন, কিন্তু রাখতে পারেননি শেষ পর্যন্ত। গম্ভীরের মতো রোহিত অবশ্য 'জীবন' পেয়ে সেটাকে কাজে লাগাতে পারেননি। সাকিব আল হাসানের প্রথম বলেই উইকেট কিপার মুশফিকুর রহিম স্টাম্পিংয়ের সহজতম সুযোগটা মিস করায় বেঁচে গেলেও পরের বলেই তাকে বোল্ড করে দিয়েছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। তার আগে ৭.২ ওভারে ৫৯ রান তুলে নিয়েছেন ভারতের দুই ওপেনার। রোহিতের ২৩ বলের ইনিংসে ছিল দুটি ছক্কা আর তিনটি বাউন্ডারি, গম্ভীর তার ইনিংসটা সাজিয়েছেন চারটি বাউন্ডারিতে। নাইমের বলে কভারে সাকিবের ক্যাচ হয়ে শেষ হয়েছে তার ইনিংস। এর আগে মহেন্দ্র সিং ধোনিকেও ফিরিয়েছেন নাইমই, তার অফস্পিনে বোল্ড হয়েছেন ভারত অধিনায়ক। দুই স্পিনারের কল্যাণে ভারতের রানের গতি যখন খানিকটা কমিয়ে এনেছে বাংলাদেশ, তখনই শুরু হয়েছে যুবরাজ ঝড়। ১৭ তম ওভারে তিনটি ছক্কাসহ ১৯ রান তুলে নিয়ে ম্যাচের গতিপথই বদলে দিয়েছেন এই বাঁহাতি। ভাগ্যিস বেশিক্ষণ স্থায়ি হয়নি ঝড়টা, ১৯তম ওভারের প্রথম বলেই তাকে থামিয়ে দিয়েছেন শাহাদাৎ। লং অফ দিয়ে ছক্কা মারতে গিয়ে মিড অফে তামিমের হাতে ধরা পড়েছেন তিনি। জবাব দিতে নেমে জহির খানের করা প্রথম ওভার থেকে দুটি চারসহ ১০ রান তুলে নিয়ে শুরুটা করেছিলেন তামিম। পরের ওভারের প্রথম বলেই ছক্কা মেরে জুনায়েদও আক্রমণের আভাস দিলে তৃতীয় ওভারেই অফস্পিনার ইউসুফকে বোলিংয়ে নিয়ে আসেন। আর এসেই তামিমকে স্টাম্পিংয়ের শিকার বানিয়ে সাফল্যও পেয়ে যান তিনি। ১০ বলে ১৫ রানের ইনিংসে তিনটি বাউন্ডারি মেরেছেন তামিম। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আর জুনায়েদ যখন ব্যাট করছেন, তখনো লড়াইটা হচ্ছিল সমানে সমানেই। কভারে গম্ভীরের হাতে ক্যাচ দিয়ে আশরাফুলের (১১) বিদায়ে ওই জুটি ভাঙার পর মঞ্চে আবির্ভার ওঝার। একই ওভারে সাকিব আল হাসান (৮) আর জুনায়েদকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছেন তিনি। পুল করতে গিয়ে আকাশে তুলে দিয়ে ধোনির হাতে ক্যাচ দিয়েছেন সাকিব, আর জুনায়েদ উইকেট ছেড়ে বেরিয়ে সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েছেন হরভজন সিংয়ের হাতে। পরে মাহমুদউল্লাহ আর মাশরাফি বিন মুর্তজাকেও ফিরিয়ে দিয়েছেন এই লেগস্পিনার। শর্ট ফাইন লেগে যুবরাজের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়েছেন প্রস্তুতি ম্যাচে দারুণ ফর্মে থাকা মাহমুদ উল্লাহ (৮) আর মাশরাফি (১১) হয়েছেন বোল্ড। এছাড়া জহির খানের বলে মিড অন থেকে রকিবুল হাসানের (১৬) ক্যাচটিও নিয়ে ওঝাই জিতেছেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি নি বীরেন্দর শেবাগ। তার জায়গায় ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। ভারত খেলিয়েছে দুজন স্পেশালিস্ট স্পিনার হরভজন সিং আর প্রজ্ঞান ওঝাকে, অন্য দিকে বাংলাদেশ বাঁহাতি স্পিনার আব্দুুর রাজ্জাককে বাদ দিয়ে খেলিয়েছে তিন পেসার। মাশরাফি বিন মর্তুজা আর রুবেল হোসেনের সঙ্গী হিসেবে সৈয়দ রাসেলকে পেছনে ফেলে একাদশে জায়গা করে নিয়েছেন শাহাদাৎ হোসেন। বাংলাদেশ দল : তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও শাহাদাৎ হোসেন। ভারত দল : গৌতম গম্ভীর, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, ইউসুফ পাঠান, প্রজ্ঞান ওঝা, ইরফান পাঠান, হরভজন সিং, জহির খান ও ইশান্ত শর্মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০২৩৬ ঘ.