ঢাকা, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর শিরোপা প্রায় নিশ্চিত। প্রায় শব্দটা ব্যবহার করতে হচ্ছে শুধু এজন্য যে এখনও সামান্য একটা গাণিতিক সম্ভাবনা আছে আবাহনীর বঞ্চিত হওয়ার। কিন্তু সেটা এত সামান্য যে মঙ্গলবার পারটেক্সকে ৭৬ রানে হারানোর পর মিরপুর স্টেডিয়ামে আবাহনী সমর্থকরা শিরোপার উৎসব সেরে নিয়েছে। এই জয়ে আবাহনীর পয়েন্ট হয়েছে ২৬, এখন বাকি দুটো ম্যাচে আবাহনী যদি হেরে যায় এবং প্রতিপক্ষ সূর্যতরুণ জেতে তাহলে দুদলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে দেখা হবে মুখোমুখিতে ফল এবং তাতেও থাকবে সমতা। তখন রান রেট। সেই রান রেটে আবাহনীকে সূর্যতরুণের পেছনে পড়তে হলে হারতে হবে বিশাল ব্যবধানে। এই অংক মাথায় রেখেই শিরোপার উৎসব সেরে ফেলল আবাহনী।
ম্ঙ্গলবার ৪১ ওভারে নির্ধারিত ম্যাচে আবাহনী প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে করেছিল ২৩৮। রেশমি রঞ্জন অপরাজিত থাকেন ৮৯ রানে, মাশরাফি ৬২ রান করেন মাত্র ৩৩ বলে। জবাব দিতে নেমে পারটেক্স ৩৩.২ ওভারে অলআউট হয়ে যায় ১৬২ রানে। আরাফাত সানি ৪ উইকেট নেন ২০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭২৫ঘ.
bdnews24