ঢাকা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ করলো পারটেক্স স্পোর্টিং ক্লাব। বুধবার বিকেএসপিতে সূর্যতরুণের ব্যাটিং ব্যর্থতায় তারা ৫ উইকেটের অনায়াস এক জয় তুলে নিয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনের অন্য ম্যাচে বিকেএসপির কাছে ২ উইকেটের হারে রেলিগেশন লিগে খেলতেই হচ্ছে ইয়াং পেগাসাসকে।
১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এদিন জিতলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বিমানের জায়গাটা নেওয়ার সুযোগ ছিল সূর্যতরুণের। কারণ প্রথম পর্বের মুখোমুখিতে বিমানকে হারানোয় পয়েন্ট সমান হয়ে গেলে এগিয়ে থাকতো ১৬ পয়েন্ট পাওয়া এই দলটিই। চতুর্থ স্থানে থাকা পারটেক্সের পয়েন্ট ১৪। ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম মোহামেডানের পরেই আছে তালিকার ষষ্ঠ দল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।
ওদিকে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা সিটি ক্লাব তাদের খেলা ১০ ম্যাচের সবগুলোতেই হেরেছে। বৃহষ্পতিবার তারা প্রথম পর্বের শেষ ম্যাচে খেলবে সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ভিক্টোরিয়ার বিপক্ষে। আর পেগাসাস এদিন প্রথম পর্ব শেষ করেছে ৫ পয়েন্ট নিয়ে। এই তিনটি দল রেলিগেশন লিগে একে অন্যের বিপক্ষে একবার করে খেলবে। শেষ দুটো দল নেমে যাবে প্রথম বিভাগে।
টস জিতে ব্যাটিংয়ে নামা সূর্যতরুণের পক্ষে ওপেনার জুনায়েদ সিদ্দিকী করেছেন সর্বোচ্চ ২৮ রান। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান 'মি. এক্সট্রা'র। সূর্যতরুণের ব্যাটিং ব্যর্থতা বোঝাতে এরচেয়ে বেশি কিছু বলার বোধহয় প্রয়োজন নেই। পারটেক্সের বোলার ওমর ফারুকেরও কম ভূমিকা নয় ৩৮.১ ওভারে প্রতিপক্ষকে মাত্র ১৩২ রানে গুটিয়ে দেওয়ায়। এই স্পিনার ৬.১ ওভার বল করে মাত্র ১৪ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট।
জবাব দিতে নামা পারটেক্সকে মাত্র ৩৮.৫ ওভারেই জয় এনে দেয় মেহরাব হোসেন সিনিয়রের ব্যাটিং। বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ১১০ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলার পথে মেরেছেন আটটি বাউন্ডারি। এই ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।
অন্য ম্যাচে ৫০-তম ওভারের শেষ বলে অলআউট হওয়া পেগাসাস তোলে ২২৪ রান। সর্বোচ্চ ৫০ রান আসে রাহাত সাদেকের ব্যাট থেকে। বিকেএসপির পেসার নিয়ামুল হাসান ৪৮ রানে নেন ৪ উইকেট। জবাব দিতে নামা বিকেএসপি সহজ জয়ই পাবে বলে মনে হচ্ছিল। কারণ সৌম্য সরকারকে (৩০) নিয়ে ৪৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়া সৈকত আলী দ্বিতীয় উইকেটে আসিফ আহমেদকে (৬৫) নিয়ে যোগ করেন আরো ১২১ রান। ১ উইকেটে ১৬৮ রান থেকে চটজলদি বেশ কিছু উইকেট হারিয়ে বিপদ এগিয়ে আনছিল তারা। অবশ্য শেষপর্যন্ত ২১ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় তুলে নেয় তারা, যেটা হতে পারতো আরো বড় ব্যবধানের। ওপেনার সৈকত ৯১ বলে চয় বাউন্ডারি ও চার ছক্কায় ৮১ রান করলেও ম্যাচ সেরা হয়েছেন পেসার নিয়ামুলই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24