২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের শীর্ষে আবাহনী

লড়াইয়ে আছে বিমানও। তবে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করার দৌড়ে আপাতত এগিয়ে আবাহনী। শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে সপ্তম জয় তুলে নিয়েছে তারা, সহজেই ৬ উইকেটে হারিয়েছে সূর্যতরুণকে। ঠিক আগের ম্যাচে বিমানকে প্রথম হারের স্বাদ দেওয়া সূর্যতরুণ আবাহনীর সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। দিনের অন্য ম্যাচে ওপেনার শরিফুল আলমের সেঞ্চুরির সুবাদে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৬ উইকেটে হারিয়েছে পারটেক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, ৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- লড়াইয়ে আছে বিমানও। তবে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করার দৌড়ে আপাতত এগিয়ে আবাহনী। শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে সপ্তম জয় তুলে নিয়েছে তারা, সহজেই ৬ উইকেটে হারিয়েছে সূর্যতরুণকে। ঠিক আগের ম্যাচে বিমানকে প্রথম হারের স্বাদ দেওয়া সূর্যতরুণ আবাহনীর সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। দিনের অন্য ম্যাচে ওপেনার শরিফুল আলমের সেঞ্চুরির সুবাদে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৬ উইকেটে হারিয়েছে পারটেক্স। টস জিতে ব্যাটিংয়ে নামা সূর্যতরুণ এই ম্যাচেও বড় স্কোর গড়বে বলেই মনে হচ্ছিল। ১৭ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকী ও হান্নান সরকারের (৪৫) ৮৩ রানের পার্টনারশিপ বড় কিছুর স্বপ্নই দেখাচ্ছিল তাদের। কিন্তু তাদের বিদায়ের ধাক্কাটা সামলে আর বড় স্কোর গড়া হয়নি সূর্যতরুণের। ৪৯.৪ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় তারা। আগের ম্যাচে বিমানের বিপক্ষে ৮৫ রান করা জুনায়েদ রান পেয়েছেন এই ম্যাচেও। ৫৫ রান করে তিনি হয়েছেন আবাহনী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শিকার। ৫৪ রানে ৩ উইকেট নিয়ে মাশরাফিই এই ম্যাচের সফলতম বোলার। ২০১ তাড়া করতে নামা আবাহনীর জয়ের ভিত গড়ে দেয় দ্বিতীয় উইকেটে রনি তালুকদার (৫২) ও ইমরান আহমেদের (৪৫) ৬৪ রানের পার্টনারশিপ। ৮ রানের মধ্যে দু'জনে বিদায় নিলেও তাদের জয় নিশ্চিত করে দেয় চতুর্থ উইকেটে বেনুগোপাল রাও (৬৬) ও সগীর হোসেনের (৩২*) ৯৪ রানের পার্টনারশিপ। ৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় আবাহনী। ম্যাচ সর্বোচ্চ ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আবাহনীর ভারতীয় ব্যাটসম্যান বেনুগোপাল। পারটেক্স-সিসিএস ম্যাচটি ছিল দুই ওপেনারের লড়াই। উত্তম সরকারের ৯০ রানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১২ রান তোলে সিসিএস। এছাড়া ৪৭ রান করেছেন শুভাগত হোম। পারটেক্সের ইকবাল হোসেন ৩৭ রানে ৪ উইকেট নেওয়ায় সিসিএসের সংগ্রহ তেমন বড় হতে পারেনি। ২১২-কে সহজেই অতিক্রম্য বানিয়ে দেয় পারটেক্সের শফিউল আলম ও মেহরাব হোসেন সিনিয়রের (৫৪) ১৩০ রানের ওপেনিং পার্টনারশিপ। ১০৪ রান করে শফিউল যখন আউট হন তখন তার দল জয় থেকে মাত্র ১৬ রান দূরে। পারটেক্সের জয়টাও আসে ১৫ বল বাকি থাকতে। সেঞ্চুরি করায় ম্যাচ সেরার পুরস্কারটা শফিউলের জন্যই বরাদ্দ হয়ে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.