ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় তার অবস্থান এখন সবার ওপরে। এবং র্যাংকিংয়ের শীর্ষাসনে অধিষ্ঠানের সুখবর ২৪ ঘন্টার মধ্যেই দুর্দান্তভাবে উদযাপন করলেন সাকিব আল হাসান। প্রথমে ৩ উইকেট নিয়ে এবং পরে ৩৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে তিনি এনে দিলেন ৬ উইকেটের সহজ জয়। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৭ বল হাতে রেখে পাওয়া যে জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিলো বাংলাদেশ। এর আগে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৯ উইকেটে ১১৯ রান করেছিল জিম্বাবুয়ে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। কিন্তু একটা ভুলের মাশুল দিয়ে প্রথম উইকেট হারাতে হয়েছে মোহাম্মদ আশরাফুলের দলকে। নবম ওভারে তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মেহরাব হোসেনের (২) রান আউটের মাধ্যমে ব্রেক থ্রু পেয়েছে জিম্বাবুয়ে।
৩৮ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর তামিমের সঙ্গে জুটি বেঁেধছেন আশরাফুল। বাজে সময়ের ভেতর দিয়ে যাওয়া তামিম শুরু থেকে আস্থার সঙ্গেই খেলছিলেন। কিন্তু ষোড়শ ওভারে দ্বিতীয় স্পেলে ফেরা ক্রিস্টোফার পোফুর লাফিয়ে ওঠা বল অফসাইডে পুশ করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে গেছেন তিনি। তামিমের ৪৯ বলে ৩৪ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৫টি। বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৫২।
আগের পাঁচটি ওয়ানডেতে আশরাফুলের ব্যাট থেকে এসেছিল ৫, ৪, ১৩, ২৬ ও ১৮ রান। সেজন্যই শুক্রবার শুরু থেকে চরম সাবধানী ছিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম রান নিয়েছেন নবম বলে, দ্বিতীয় ২৮ আর ৩০তম বলে তৃতীয় রান! কিন্তু এত সাবধানতাও কোনো কাজে আসেনি। মুখোমুখি হওয়া ৩১তম বলেই তিনি এলবিডব্লু, রেমন্ড প্রাইসকে ব্যাকফুটে খেলতে গিয়ে।
প্রাইসের দুর্ভাগ্য, দু বল পর আরেকটা মূল্যবান উইকেট তিনি পাননি। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে সুইপ করতে গিয়ে সাকিব মিডউইকেটে ক্যাচ তুলে দিলেও তা ধরতে পারেননি শন উইলিয়ামস। ধরতে পারলে বাংলাদেশ তখন ৪ উইকেটে ৬৪ রানে পরিণত হতো।
'জীবন' ফিরে পেয়েই উত্তাল হয়ে উঠেছে সাকিবের ব্যাট। জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেয়ার টানা দুই ওভারে দুটো করে চার মেরেছেন তিনি। কিন্তু রকিবুল হাসানকে তা উজ্জীবিত করতে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ফিফটি করে বাংলাদেশের জয়ের নায়কের ব্যাট থেকে এবার এসেছে মাত্র ১৪ রান। প্রাইস তাকেও এলবিডব্লু করায় আশরাফুলের দল ৮৯ রানে হারিয়েছে চতুর্থ উইকেট।
তবে তাতে কোনো লাভ হয়নি সফরকারীদের। কারণ মুশফিকুর রহিমকে নিয়ে সাকিবের দায়িত্বশীল ব্যাটিং। ওয়ানডের সেরা অলরাউন্ডারের ৩৬ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ৪টি। অন্য প্রান্তে ২০ রানে অপরাজিত ছিলেন মুশফিক।
সকালে ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া দুই ঘন্টা দেরিতে শুরু হওয়া এই ম্যাচে সাফল্যের জন্য একদমই অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। প্রথম ওভারেই মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে স্বাগতিকদের সাফল্যের সূচনা। তার করা ইনিংসের পঞ্চম বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন ভুসি সিবান্দা (০)। জিম্বাবুয়ে তখনো রানের খাতা খুলতে পারেনি।
পঞ্চম ওভারে আবার বাংলাদেশ সহ-অধিনায়কের আঘাত। নাজমুল হোসেনের করা আগের ওভারে দুটো বাউন্ডারি হাঁকানো হ্যামিল্টন মাসাকাদজা (১০) মাশরাফির খাটো লেন্থের একটি বল তুলে দিয়েছেন দ্বিতীয় স্লিপে দাঁড়ানো মেহরাব হোসেনের হাতে।
১৯ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ের বিপদ আরো বাড়িয়েছেন মাশরাফিই। ইনিংসের নবম ওভারে স্টুয়ার্ট মাৎসিকেনেরি (১০) প্লেড অন হয়ে গেছেন তার বলে। জিম্বাবুয়ের স্কোর তখন ৩ উইকেটে ৩১। ৪ ওভার পর সেটাকে ৪ উইকেটে ৪৪ করার কৃতিত্ব রুবেল হোসেনের। নিজের তৃতীয় বলেই টাটেন্ডা টাইবুকে (১২) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন তিনি।
এরপর অধিনায়ক প্রসপার উতসেয়াকে নিয়ে একটা ভালো জুটি গড়ার চেষ্টা করছিলেন শন উইলিয়ামস। কিন্তু জুটিটা ২৫ রানের বেশি এগোতে দেননি মাহমুদউল্লাহ। তার দ্বিতীয় বলেই এলবিডব্লু হয়ে গেছেন উতসেয়া (৬)। নিজের তৃতীয় ওভারে আবার এই অফস্পিনারের আঘাত। শুরু থেকে দারুণ আস্থার সঙ্গে খেলা উইলিয়ামস (৩৮) তাকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যাওয়ায় জিম্বাবুয়ের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ৮৪ রান।
সতীর্থদের উইকেট নেয়ার উৎসবে এরপর যোগ দিয়েছেন সাকিব। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের বিচারে এই সময়ের সেরা অলরাউন্ডার বোল্ড করে দিয়েছেন এলটন চিগুম্বুরাকে (৭)। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুইয়ানরা তখন এক শ'র কমে অলআউট হওয়ার আশঙ্কায় কাঁপছে!
সেটা অবশ্য হয়নি। তবে বাংলাদেশকে অষ্টম বারের মতো উল্লাসে ভাসানোর রূপকারও সাকিব। ৩৪তম ওভারের প্রথম বলে তাকে স্লগ-সুইপ করে চার মেরেছিলেন রেমন্ড প্রাইস। প্রতিশোধ নিতে একদমই সময় নেননি সাকিব। ঐ ওভারের তৃতীয় বলেই বোল্ড হয়ে প্রাইসকে (৭) ফিরে আসতে হয়েছে। এবং বাংলাদেশের পরবর্তী সাফল্যও সাকিবের মাধ্যমে। তাকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন এডওয়ার্ড রেইন্সফোর্ড (১)। বলটা ওয়াইড হলেও উইকেট ভেঙ্গে দিতে একটুও সমস্যা হয়নি মুশফিকুর রহিমের।
দ্বিতীয় ম্যাচে সুযোগ না পাওয়া কিথ দাবেংওয়া (২১*) এরপর জিম্বাবুয়ের আর কোনো ক্ষতি হতে না দিয়ে দলকে নিয়ে গেছেন ১১৯ রান পর্যন্ত। সাকিবের মতো মাশরাফিরও শিকার ৩ উইকেট। তবে দিনের শুরুতে দুর্দান্ত বল করে প্রতিপক্ষের টপ অর্ডার গুঁড়িয়ে দেয়ার সুবাদে বাংলাদেশ সহ-অধিনায়কই ম্যান অব দ্য ম্যাচ। সিরিজ-সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ৩৭ ওভারে ১১৯/৯ (সিবান্দা এলবিডব্লু ব মাশরাফি ০, মাসাকাদজা ক মেহরাব ব মাশরাফি ১০, মাৎসিকেনেরি ব মাশরাফি ১০, টাইবু ক মুশফিক ব রুবেল ১২, উইলিয়ামস ব মাহমুদউল্লাহ ৩৮, উতসেয়া এলবিডব্লু ব মাহমুদউল্লাহ ৬, চিগুম্বুরা ব সাকিব ৭ , দাবেংওয়া অপরাজিত ২১ , প্রাইস ব সাকিব ৭, রেইন্সফোর্ড স্টা মুশফিক ব সাকিব ১, পোফু অপরাজিত ১, অতিরিক্ত ৬ ; মাশরাফি ৮-০-২৬-৩, নাজমুল ৭-০-২৭-০, সাকিব ৮-৪-১৫-৩, রুবেল ৩-০-১৭-১, নাইম ৪-০-১৩-০, মাহমুদউল্লাহ ৭-০-১৯-২)
বাংলাদেশ : ৩২.৩ ওভারে ১২১/৪ (তামিম ক টাইবু ব পোফু ৩৪ , মেহরাব রান আউট (সিবান্দা/টাইবু) ২, আশরাফুল এলবিডব্লু ব প্রাইস ৩, রকিবুল এলবিডব্লু ব প্রাইস ১৪, সাকিব অপরাজিত ৩৩, মুশফিক অপরাজিত ২০, অতিরিক্ত ১৫; রেইন্সফোর্ড ৬-১-১৯-০, পোফু ৫-১-২৭-১, উতসেয়া ৭-০-৩২-০, চিগুম্বুরা ৪.৩-০-১৮-০, প্রাইস ৭-২-৯-২, দাবেংওয়া ২-০-৮-০, মাৎসিকেনেরি ১-০-৪-০)
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ : বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : মাশরাফি বিন মর্তুজা
ম্যান অব দ্য সিরিজ : সাকিব আল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩২ঘ.
bdnews24