২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেলকে দিয়ে বল করানোর যে ব্যাখ্যা দিচ্ছেন আশরাফুল

তারা ফাইনালের দর্শক, তাই তাদের মাঠে আসার দরকার ছিল না। তবুও জিম্বাবুয়ে দলের ম্যানেজার গিভমোর মাকোনি দুপুরের পর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গোসল সেরে বেরিয়েই টিভিতে দেখলেন শ্রীলঙ্কান ব্যাটিংয়ের করুণ অবস্থা। সঙ্গে সঙ্গেই ফোন করলেন মাঠে থাকা জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার লাভমোর বান্দাকে। সেই ফোনালাপের বিস্তারিত হাসতে হাসতেই জানাচ্ছিলেন বান্দা, "শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৮ রান দেখে উনি বললেন, এখন মিরপুরে এসে আর ম্যাচ পাবেন না তিনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তারা ফাইনালের দর্শক, তাই তাদের মাঠে আসার দরকার ছিল না। তবুও জিম্বাবুয়ে দলের ম্যানেজার গিভমোর মাকোনি দুপুরের পর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গোসল সেরে বেরিয়েই টিভিতে দেখলেন শ্রীলঙ্কান ব্যাটিংয়ের করুণ অবস্থা। সঙ্গে সঙ্গেই ফোন করলেন মাঠে থাকা জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার লাভমোর বান্দাকে। সেই ফোনালাপের বিস্তারিত হাসতে হাসতেই জানাচ্ছিলেন বান্দা, "শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৮ রান দেখে উনি বললেন, এখন মিরপুরে এসে আর ম্যাচ পাবেন না তিনি।" রসিকতা করে বললেও এমনকি জিম্বাবুইয়ানরাও শেষ বিকেলে মোহাম্মদ আশরাফুলদের মুখে চওড়া হাসিই দেখতে চেয়েছিলেন। কিন্তু সেই হাসি আর হাসতে দেননি মুত্তিয়া মুরালিধরন। মাত্রই দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রুবেল হোসেনকে ম্যাচের অন্তিম মুহূর্তে আক্রমণে নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। এবং এই পেসারের করা ৪৬তম ওভারে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কাসহ ২০ রান তুলে নেন মুরালি। তবুও ৪৮তম ওভারে তাকে আবার নিয়ে আসেন অধিনায়ক। এবারো তার ওপর চড়াও হয়ে (একটি করে বাউন্ডারি ও ছক্কা) শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে ফেলেন তিনি। ওই অবস্থায় রুবেলের মতো নবীনকে পরপর দুই ওভারে আক্রমণে নিয়ে আসার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা আমজনতার কাছে যেমন, তেমনি ক্রিকেট বোদ্ধাদের কাছেও। সরাসরি কিছু বলবেন না স্বাভাবিক, তবে আকারে-ইঙ্গিতে শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে সেটা বুঝিয়ে দিতে ছাড়লেন না, "রুবেলের জন্য দুঃখই হচ্ছে আমার। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে এবং ওরকম কঠিন এক পরিস্থিতিতে ওকে বোলিংও করতে হল।" মানে বোঝাতে চাইলেন আশরাফুল তাকে ওই সময় আক্রমণে না আনলেও পারতেন। অফস্পিনার মাহমুদুল্লাহ রিয়াদকে তো তিনি একদমই ব্যবহার করেননি। ফাইনাল দেখে স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পথে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও বলে গেলেন, "গ্রেট ম্যাচ। তবে মুরালির বিপক্ষে ওই সময় পেস বোলার ব্যবহার না করলেও হত। কারণ ও যে পেস বলে ধুমধাম মেরে দেয়, এটা সবারই জানা। কাজেই স্পিনার দিয়ে বল করালেই বোধহয় ভালো হত।" আশরাফুল অবশ্য তার সিদ্ধান্তের পক্ষে অনেক যুক্তি দিলেন তবে এও স্বীকার করতে দ্বিধা করলেন না, "হারার পর মনে হচ্ছে সিদ্ধান্তটা ঠিক হয়নি।" তার যুক্তি, "গত ম্যাচে এমন পরিস্থিতিতে একই বোলার আমাদের ভালো বোলিং করে জিতিয়েছিল। ওর কারণেই আমরা শ্রীলঙ্কাকে কম রানে আটকে রেখেছিলাম। এই ম্যাচেও একই পরিস্থিতিতে ও বোলিং করলো। কিন্তু যা করতে চেয়েছে পারেনি। মুরালিও অসাধারণ একটা ইনিংস খেললো।" কিন্তু আগের ম্যাচে বাংলাদেশ রান তাড়া করেছিল আর এই ম্যাচে নেমেছিল ১৫২ রান ডিফেন্ড করতে। এটা কিছুতেই একই পরিস্থিতি হতে পারে না, সংবাদ সম্মেলনে বিষয়টা তার নজরে আনা হলে আশরাফুল বললেন, "আসলে আমরা ঠিক করে রেখেছিলাম, রুবেলকে দিয়ে তৃতীয় পাওয়ার প্লে'তে তিন ওভার বল করাবো। কারণ ও জোরে বল করে। অ্যাকশনটাও একটু অন্যরকম। ও ইয়র্কার দিতে পারে, বাউন্সারও। চেয়েছিল বাউন্সার করতে, কিন্তু হচ্ছিল না।" মাশরাফি বিন মর্তুজা ও নাজমুল হোসেনের কোটা শেষ আগেই শেষ করে ফেলার পেছনেও তার সেই কথা, "ওই যে বললাম রুবেলকে দিয়ে শেষ তিন ওভার বোলিং করানোর পরিকল্পনা ছিল।" আর রুবেলকে সেই সময় বোলিংয়ে আনা সম্মিলিত সিদ্ধান্ত ছিল বলেই জানিয়েছেন তিনি, "ওই মুহূর্তে মাঠে যারা ছিলাম, সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। তখন আমার মাথায়ও দ্বিতীয় কোনো চিন্তা আসেনি। মুরালি যেহেতু ব্যাটিং করছিল আর রুবেলও জোরে বল করে, ওর ওপর তাই আস্থা ছিল। হয়তো ইয়র্কারে আউট করতে পারতো কিংবা টপ এজ হতে পারতো। আসলে ভাগ্য সহায় ছিল না আমাদের।" আমজনতার তো তাৎক্ষণিক ব্যাখ্যা জানার উপায় নেই। তাই তারা স্টেডিয়াম থেকে বেরুচ্ছিলেন আশরাফুলের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে ঝাড়তে। সন্ধ্যায় শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মূল ফটকের বাইরের রাস্তায় দাঁড়িয়ে অনেককে 'আশরাফুল হটাও' জাতীয় স্লোগানও দিতে শোনা গেল। শুনে থাকলে শিরোপার এতো কাছ থেকে ফিরে আসার কষ্ট নিশ্চয়ই আরো চড়বে অধিনায়কের! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.