ঢাকা, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অনায়াস এক জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে হারের মুখও প্রায় দেখা হয়ে যাচ্ছিল খুলনার। সোমবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইস্পাহানি মির্জাপুর চা দশম জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডেতে ঢাকার বিপক্ষে শেষপর্যন্ত ২ রানের কষ্টার্জিত জয় পেয়েছে তারা। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে চট্টগ্রামকে ৩০ রানে হারিয়েছে বরিশাল। বিকেএসপি দুই নাম্বার মাঠে সিলেটের বিপক্ষে রাজশাহীর জয় ১৭ রানের।
মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া নাজমুস সাদাত (৮৭) পথ দেখিয়েছেন টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনাকে। অন্য ওপেনার অমিত মজুমদারকে (৩৭) নিয়ে ১১৭ রানের সূচনা এনে দিলেও খুলনার ইনিংস অবশ্য প্রত্যাশানুযায়ী এগোয়নি। ঢাকার অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ (৩/৪৮) ও বাঁ হাতি স্পিনার আরাফাত সানির (৩/২৮) ঘূর্ণিতে ৪৮.৪ ওভারে ২৩১ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। তবে ১৭৮ রানে ঢাকার ৯ উইকেট তুলে নিয়ে জয় একরকম নিশ্চিত করে ফেলার পরপরই বাঁধা হয়ে দাঁড়ান ঢাকার দশ নাম্বার ব্যাটসম্যান মোহাম্মদ আজিম। জেতার জন্য ৩৮ বলে ৫৪ রানের সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিলেন তিনি মাত্র ২৭ বলে দুই বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ৩৯ রানের ঝড় তুলে। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তুলতে সক্ষম হয় ঢাকা। তাদের ১৭৮ রানে ৯ উইকেট হারানো দলে পরিণত করার পেছনেও মুখ্য অবদান নাজমুস সাদাতেরই (৩/৪০)। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দি ম্যাচ খুলনার এই ওপেনার ছাড়া আর কে!
দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৬২ রান করেছে। তবুও চট্টগ্রামের বিপক্ষে বরিশালকে সহজ এক জয় এনে দেওয়ার জন্য ম্যাচের সেরা হয়েছেন মনোয়ার হোসেন। ৪৭.৪ ওভারে ১৩২ রানে অলআউট চট্টগ্রাম এক পর্যায়ে ২৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। এরমধ্যে চার উইকেটই তুলে নেন পেসার মনোয়ার। তার বোলিং ফিগারটাও ঈর্ষণীয় : ৯-৪-১১-৪! ওদিকে রাজশাহীকে জিতিয়েছে সোহরাওয়ার্দী শুভ'র অলরাউন্ড পারফরম্যান্স। প্রথমে দলের ১৯২ রানে তার অবদান সর্বোচ্চ ৬২ রান। পরে সিলেটকে ১৭৫ রানে গুটিয়ে দিতেও রেখেছেন বড় ভুমিকা। ৩৫ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। দুয়েমিলে তারও ম্যাচ সেরা না হওয়ার কোনো কারণ ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.
bdnews24