ঢাকা, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইমরুল কায়েসের সেঞ্চুরি এবং দুই স্পিনার সোহরাওয়ার্দী শুভ ও নাসির হোসেনদের ঘূর্ণিজাদুতে আবারো ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা একাডেমী দল। এবার অবশ্য চারদিনের ম্যাচে নয়। মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু গ্রামীণফোন একাডেমী কাপের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। যাতে ৭৫ রানের অনায়াস এক জয় দিয়েই শুরু করলো জিপি-বিসিবি একাডেমী দল।
টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৭.৩ ওভারে অলআউট হয়ে গেছে ঠিকই। কিন্তু ইমরুলের সেঞ্চুরি এবং পরে বল হাতেও সফল নাসিরের ফিফটিতে ২৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়ে ফেলে তারা। জবাব দিতে নামা প্রোটিয়া একাডেমী কখনোই জেতার সম্ভাবনা জাগাতে পারেনি। ৪৩.৫ ওভারে ১৬০ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।
স্বাগতিকদের ইনিংসে ফিফটি ছাড়ানো পার্টনারশিপ একটাই। সেটা পঞ্চম উইকেটে ইমরুল ও নাসিরের ৬০ রানের পার্টনারশিপ। প্রোটিয়াদের সফলতম বোলার শেজির (৩/৩৯) বলে ইমরুলের আউট হওয়ার মধ্য দিয়েই ভাঙ্গে এই জুটি। তবে আউট হওয়ার আগে এই ওপেনার দক্ষিণ আফ্রিকান বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড়ই বইয়ে দিয়ে গেছেন। মাত্র ৪২ বলে ফিফটি করা ইমরুলের সেঞ্চুরিতে পৌছাতে লেগেছে ৯৫ বল। শেষপর্যন্ত ১০৪ বলে ১১৩ রান করা ইমরুলের ইনিংসে ১৬টি বাউন্ডারির পাশাপাশি দুটো ছক্কার মারও ছিল। এমন ইনিংসের সুবাদে একাডেমী কাপের ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা গেছে তার হাতেই।
ইমরুল আউট হয়ে যাওয়ার পর জিপি-বিসিবি একাডেমীকে এমনকি আড়াইশো রানের স্বপ্নও দেখাচ্ছিলেন নাসির হোসেন। তা না হলেও শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫২ রান করে গেছেন তিনি। যে ইনিংসে আছে দুটো করে বাউন্ডারি ও ছক্কার মার। এরপর ব্যাট করতে নামা প্রোটিয়া একাডেমীকে ৬ রানেই দুই উইকেট হারানো দলে পরিণত করেন স্বাগতিক দলের দুই পেসার নাজমুল হোসেন ও ডলার মাহমুদ। এই বিপর্যয় আর তারা সামলে উঠতে পারেনি সোহরাওয়ার্দী ও নাসিরের বোলিংয়ে। বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে অফস্পিনার নাসিরের খরচ আরো কম। তার বোলিং ফিগারটাও উল্লেখযোগ্য, ১০-৩-২৪-৩। এক পর্যায়ে ৯৭ রানে ৮ উইকেট হারানো প্রোটিয়াদের একশ'র নীচে অলআউট হওয়ারও সংশয় জেগেছিল। কিন্তু টেল এন্ডারদের দৃঢ়তায় তারা ১৬০ রান পর্যন্ত পৌছে লজ্জা এড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.
bdnews24