নয়াদিল্লী, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল-এর জন্য এটা একটা বিরাট জয়। তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখনো অনুমোদন না পাওয়া আইসিএল-এর জন্য অনেক বড় প্রাপ্তিই বলতে হবে একে।
এতদিন আইসিএল-কে বলতে গেলে সহ্যই করতে পারতেন না বিসিসিআই কর্মকর্তারা। গত বছর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিকে তারা তো অনুমোদন দেনইনি, এমনকি আইসিএল-এ অংশ নেয়া ক্রিকেটারদের বিসিসিআই অনুমোদিত সব ধরনের টুর্নামেন্টে অংশ নেয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিসিসিআই-এর জেদের জন্যই আইসিএল-এ খেলা অন্য দেশের ক্রিকেটাররা তাদের নিজেদের বোর্ডের কাছে রীতিমতো 'অস্পৃশ্য' হিসাবে বিবেচিত হচ্ছেন।
আইসিএল কর্তৃপক্ষ অবশ্য এ ধরনের 'অচলায়তন' মেনে নেয়নি। আইসিসি'র কাছে অনুমোদন চেয়ে আবেদন করেছে তারা। সেই আবেদনের প্রেক্ষিতেই আইসিসি'র প্রেসিডেন্ট ডেভিড মরগ্যান গত সপ্তাহে আলোচনায় বসেছিলেন আইসিএল কর্মকর্তাদের সঙ্গে। মঙ্গলবার থেকে দুবাইয়ে শুরু হওয়া আইসিসি'র দুই দিনের বোর্ড মিটিংয়ের প্রথম দিনশেষে সুখবরটা পেয়েছে আইসিএল কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আইসিএল-এর সঙ্গে মিটিংশেষে আইসিসি'র কাছে একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেবেন বিসিসিআই'র নতুন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর।
সেই রিপোর্টের ভিত্তিতেই হয়তো নির্ধারিত হবে আইসিএল-এর ভাগ্য। তবে সেটা পরের ব্যাপার, আপাতত বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় বসার সুযোগ পেয়েই আইসিএল কর্তৃপক্ষ আনন্দিত। হাবিবুল বাশারদেরও খুশি হওয়ার কথা। গত মাসে হাবিবুলসহ বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার আইসিএল-এ যোগ দিয়ে বিশ্ব ক্রিকেটাঙ্গনে শুধু হৈ-চৈ ফেলেই দেননি, ১০ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিসিআই শেষ পর্যন্ত আইসিএল-কে অনুমোদন দিলে সেই নিষেধাজ্ঞা উঠেও যেতে পারে তাদের ওপর থেকে।
মঙ্গলবারের সভায় আরেকটি সিদ্ধান্তও নিয়েছে আইসিসি। টেস্ট ক্রিকেটে 'রিভিউ সিস্টেম' বা সন্দেহভাজন আউটের ক্ষেত্রে টিভি আম্পায়ারের সঙ্গে ফিল্ড আম্পায়ারের পরামর্শের নিয়ম পরীক্ষামূলকভাবে প্রবর্তন করা হয়েছে গত জুলাই-আগস্টে ভারত-শ্রীলঙ্কা সিরিজের সময়। এই 'রিভিউ সিস্টেম' আগামী ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ভারত-পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের ১২টি টেস্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৩ঘ.
bdnews24