ঢাকা, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড শেষপর্যন্ত ২১২ রান করলেও সংগ্রহটা আসলে হওয়ার কথা ছিল ১৬৭। সেটা যে হয়নি তার জন্য কিউইরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে! যেখানে রানআউটে শেষ হওয়ার কথা তাদের ইনিংস, সেখানে মোহাম্মদ আশরাফুলরা কিনা কোনো আবেদনই করলেন না! এটাই তাদের সিরিজে ফেরার পথ করে দিল কিনা, এমন প্রশ্নে ডেনিয়েল ভেট্টোরির জবাব শুনে পুরো সংবাদ সম্মেলন কক্ষেই হাসির রোল উঠলো, "তারপরও আমরা ২০ রানে জিততাম।"
১৬৭ থেকে বাংলাদেশের ১৩৭ বিয়োগ দিতে গিয়ে অঙ্কের ভুল না হয় একটু করেই ফেলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। কিন্তু আশরাফুলরা যা করেছেন সেটা ভুল নাকি অসচেতনতা, তা নিয়ে তর্ক হতে পারে। তবে কোনো সন্দেহই নেই যে বাংলাদেশের শনিবারই সিরিজ জিততে না পারা কিংবা কিউইদের সিরিজে ফেরার অন্যতম কারণ হয়ে থাকছে ওই ঘটনাটা। উইকেটে তখন কিউইদের ত্রাণকর্তা জ্যাকব ওরামের সঙ্গে ব্যাটিং করছেন শেষ ব্যাটসম্যান জিতান প্যাটেল। শাহাদাত হোসেনের বলে তারা সিঙ্গেল নেওয়ার সময় মিডঅন থেকে মাশরাফি বিন মর্তুজার থ্রো উইকেটে আঘাত হানে।
প্রযুক্তির সুবিধা নেওয়ার সুযোগ আছে বলে এধরনের ঘটনায় ফিল্ডিং দল আবেদন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দল কিছুই করলো না। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে জিতান প্যাটেল রানআউট ছিলেন। থার্ড আম্পায়ারের শরণাপন্ন হলে সিদ্ধান্তটা অবশ্যই বাংলাদেশের পক্ষে আসতো। এবং কিউইরা ১৬৭ রানে শেষ হয়ে গেলে কে জানে ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো। তা ভেট্টোরি যতোই বলুন না, তবুও তার দল ২০ রানে জিততো।
বাংলাদেশ অধিনায়ক অবশ্য সংবাদ সম্মেলনে দাবি করলেন, "না, আমরা কিন্তু আবেদন করেছিলাম।" অবশ্য প্রেসবক্স থেকে তারা সেরকম কিছু করেছেন বলে মনেই হয়নি। এধরনের ঘটনায় দলগুলোর ড্রেসিংরুম থেকেও আম্পায়ারকে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত চাওয়ায় প্রভাবিত করার বার্তাও পাঠানো হয়ে থাকে সাধারণত। আশরাফুলরা সেই অপেক্ষায় থাকলে তো! অধিনায়ক দিলেন এর ব্যাখ্যাটা, "আসলে খুব তাড়াতাড়ি সবকিছু ঘটে গেছে। আমাদের আজকে তাড়াতাড়ি বোলিং শেষ করতে হত। এজন্যই আমরা ড্রেসিংরুম থেকে বার্তা পাঠানোর আগেই আরেকটা বল করে ফেলেছিলাম।"
প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে নিশ্চয়ই ম্যাচ রেফারির হুশিয়ারি শুনতে হয়েছে আশরাফুলদের। না হলে এতো তাড়াহুড়ো কেন! দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে আর্থিক জরিমানা, অধিনায়কের ম্যাচ ফি'র টাকা একটু বেশিই কাটা যায়- শাস্তির এড়ানোর চিন্তায় সিরিজ জয়টাই বোধহয় বিসর্জন দিয়ে ফেললো বাংলাদেশ। আশরাফুল অবশ্য এও বলতে ভুললেন না, "আমরা পরে জেনেছি যে ওটা আউট ছিল।"
ভেট্টোরিও বোধহয় এজন্য বাংলাদেশের প্রতি একটু সহমর্মী হলেন, "ক্রিকেটে এরকম হয়ই। যে দল এটার শিকার হয় তাদের জন্য দুর্ভাগ্যজনক। কখনো কখনো এজন্য হারতেও হয়। আমরাও এর শিকার হয়েছি।" ভেট্টোরিরা কিন্তু এবার শিকার নন বরং সুবিধাভোগী।
শিকার বাংলাদেশ এবং ভেট্টোরির কথানুযায়ী এজন্য হারতেও হল!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.
bdnews24