২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের সেরা ইনিংস খেলার পর জুনায়েদ

ঈদের ছুটি কাটিয়ে অনুশীলনে ফেরার পর আব্দুর রাজ্জাক নাকি সতীর্থদের এমন সাফল্যের পূর্বাভাসই দিয়েছিলেন। মনের কথাটা মুখ ফুটে বলেও ফেলেছিলেন, "সবকিছু কেমন যেন বিশ্বকাপে ভারত ম্যাচের আগের কয়েক দিনের মতো মনে হচ্ছে। দেখিস, এবার আমরা একটা কিছু ঘটিয়ে ফেলবো।" সেটাই বোধহয় দলের সবার মধ্যে সঞ্চারিত হয়েছিল ভীষণ। ৮৫ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে ক্যারিয়ারে প্রথম ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়া জুনায়েদ সিদ্দিকীও এর ব্যতিক্রম নন, "আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে ম্যাচটা জিততে পারবো। এবং জিতেছিও।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ঈদের ছুটি কাটিয়ে অনুশীলনে ফেরার পর আব্দুর রাজ্জাক নাকি সতীর্থদের এমন সাফল্যের পূর্বাভাসই দিয়েছিলেন। মনের কথাটা মুখ ফুটে বলেও ফেলেছিলেন, "সবকিছু কেমন যেন বিশ্বকাপে ভারত ম্যাচের আগের কয়েক দিনের মতো মনে হচ্ছে। দেখিস, এবার আমরা একটা কিছু ঘটিয়ে ফেলবো।" সেটাই বোধহয় দলের সবার মধ্যে সঞ্চারিত হয়েছিল ভীষণ। ৮৫ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে ক্যারিয়ারে প্রথম ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়া জুনায়েদ সিদ্দিকীও এর ব্যতিক্রম নন, "আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে ম্যাচটা জিততে পারবো। এবং জিতেছিও।" তবে ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে দলীয় সাফল্যের আনন্দকেই বড় করে দেখছেন এই বাঁ হাতি ওপেনার, "দল জিতেছে বলেই আমার সবচেয়ে ভালো লাগছে।" আর ম্যাচ সেরার পুরস্কার নিতে পুরস্কার প্রদান মঞ্চে উঠে এমন একজনের সঙ্গে হাত মেলালেন, যার শেষ থেকেই আবার শুরুর স্বপ্ন দেখছেন জুনায়েদ। আর সেটা জাতীয় দলে রাজশাহীর ঝান্ডা উড়িয়ে রাখার। এদিন মধ্যাহ্ন বিরতিতে খালেদ মাসুদ পাইলটকে ঘটা করে বিদায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে পুরস্কার প্রদানের সময় মঞ্চে তুলে সন্মানও জানিয়েছে। 'রাজশাহীর গৌরব' মাসুদের প্রসঙ্গ উঠতেই আবেগাপ্লুতও হয়ে গেলেন একই জেলার জুনায়েদ, ''আগে তো জাতীয় দলে রাজশাহীর কেবল মুশফিক বাবু ও পাইলট ভাই-ই ছিলেন। তবে পাইলট ভাই আমাদের 'রোল মডেল' হিসেবেই কাজ করেছেন। তার কাছ থেকে অনেক কিছু আমরা শিখেছি। তিনি আমাদের সম্পদ।" শুরুতে সম্ভাবনা জাগিয়েও মাঝে অবশ্য পথ হারিয়েছিলেন জুনায়েদ। ঘরোয়া টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট দিয়ে বাংলাদেশের ক্রিকেট দৃশ্যপটে আবির্ভাব হয়েছিল তার। দক্ষিণ আফ্রিকায় প্রথম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সত্তরোর্ধ্ব একটা ইনিংস খেলেছিলেন। সুবাদে সবাই আশাবাদী হয়ে উঠেছিলেন হয়তোবা ওয়ানডেতে ভালো করবেন তিনি। কিন্তু না, টেস্টে বিক্ষিপ্তভাবে ভালো করা জুনায়েদ ওয়ানডেতে এদিনের আগপর্যন্ত বলার মতো কিছুই করতে পারেননি। ৮ ম্যাচে করেছিলেন মাত্র ৬২ রান। এরমধ্যে সর্বোচ্চ ইনিংস মাত্র ২১ রানের। দল থেকে বাদ পড়ে আবার আইসিএল ঝড়ের সুবাদে দলে ফিরে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি এবং ম্যাচ সেরা। দুয়ে-মিলে জুনায়েদ তো বলবেনই, "এটা আমার জীবনের সেরা ইনিংস।" এর ব্যাখ্যাটাও অনুমিত ছিল, "আমার ওয়ানডে ক্যারিয়ারটা একদমই ভালো ছিল না। টেস্টে মোটামুটি ভালো করলেও ওয়ানডেতে একদমই পারছিলাম না। এবার পারলাম।" এই পারার পেছনে পরিকল্পনামাফিক ব্যাটিংয়ের কৃতিত্বও টানতে ভুললেন না তিনি, "যেদিন আমরা শতভাগ পরিকল্পনা অনুযায়ী খেলি সেদিনই আমরা সফল হই। আমার নিজের পরিকল্পনা ছিল ৫০ ওভার পর্যন্ত ব্যাট করার।" ৮৫ রানের ইনিংস খেলার পথে অধিনায়ক আশরাফুলের সঙ্গে ১০৯ রানের পার্টনারশিপ গড়েছেন। সেসময় নিজেদের মধ্যে আলোচনাটা তুলে ধরেছেন এভাবে, "একে অন্যকে বারবার বলছিলাম যে আমরা কিছুতেই তাড়াহুড়ো করবো না।" দ্বিতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৬৭ রানের পার্টনারশিপ গড়ার পথেও চলছিল একইরকম বাক্য বিনিময়। বিশ্বকাপের ভারত ম্যাচেও কিন্তু ওয়ানডাউনে ব্যাট করতে নেমেছিলেন মুশফিক এবং ফিফটি করেছিলেন। এই ম্যাচে ততোটা না পারলেও রাজ্জাকের পূর্বাভাসমতো এদিনটা কিন্তু সেদিনের সঙ্গে মিলে গেছে অনেকখানি। সেবার মাঞ্জারুল ইসলাম রানার অকাল মৃত্যুর শোক পরিণত হয়েছিল শক্তিতে। এবার আইসিএলের জন্য ১৪ জন ক্রিকেটারকে হারানোর শোকটাই বোধহয় শক্তি হয়ে গেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.