নটিংহ্যাম, ইংল্যান্ড, ১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- 'জেলি বিন' ছোঁড়ার ঘটনাই কি অমন তাতিয়ে দিয়েছিল তাকে! জহির খান সম্মতি জানাচ্ছেন। ট্রেন্টব্রিজ টেস্টের তৃতীয় দিনে ভারতের ব্যাটিংয়ের সময় তার দিকে ইংলিশ স্লিপ কর্ডন থেকে 'জেলি বিন' ছুড়ে মারা হয়েছে একের পর এক। মাথা গরম করে একবার ব্যাট হাতে তেড়ে গিয়েছিলেন। পরে আসল জবাবটা দিয়েছেন বল হাতে। দ্বিতীয় ইনিংসে ৭৫ রান খরচায় ৫ উইকেট নিয়ে ভারতকে ট্রেন্টব্রিজ টেস্ট জিতিয়েছেন জহির। সাকুল্যে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচও এই বাঁ হাতি সিমার।
রাহুল দ্রাবিড় প্রশংসায় পঞ্চমুখ জহির খানের। ভারতীয় অধিনায়ক বলেছেন, "আমাদের বোলিংয়ের তারকা ছিল সে। ও দেখিয়ে দিয়েছে দলের প্রধান বোলারের ভূমিকা কিভাবে পালন করতে হয়, কিভাবে দলের প্রত্যাশা পুরো করতে হয়। ওই কন্ডিশনে তার মুখের দিকে চেয়ে ছিলাম আমরা, সে দারুণ সাড়া দিয়েছে। অন্য দুজনকে (শ্রীশান্ত ও আরপি সিং) নেতৃত্ব দিয়েছে সে। প্রথম দিন আমরা টস জেতার পর, জহিরই আসল ধাক্কাটা দিয়েছে।" যোগ করেছেন, "সোমবার যখন ম্যাচ ভারসাম্যপূর্ণ অবস্থানে, তখন দুর্দান্ত বোলিং করে তা ঘুরিয়ে দিয়েছে সে। ভাল ফাস্ট বোলাররা এভাবেই খেলে, ম্যাচ উইনাররা এভাবেই খেলে আর এই ম্যাচে জহির ছিল আমাদের ম্যাচ উইনার।"
চতুর্থ দিন মাইকেল ভনের গায়ে ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে ম্যাচ ফির অর্ধেক জরিমানা গুনেছেন শ্রীশান্ত। দ্রাবিড় বলেছেন তার অনেক কিছু শেখার আছে জহিরের কাছে, "এ ম্যাচে জহির কি করেছে তা থেকে ওর শেখা উচিত। সে তার রাগ নিয়ন্ত্রণ করে তারপর অনুদিত করেছে পারফরম্যান্সে, পেয়েছে উইকেট।"
শুধু দ্রাবিড়ই নন, ভারতের সাবেক অলরাউন্ডার ও কোচ মদনলালও এখন জহিরের প্রশংসায় পঞ্চমুখ। বাজে ফর্ম ও ফিটনেস সমস্যার জন্য প্রায় ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর গত ডিসেম্বরে দলে ফেরা জহিরের পারফরম্যান্সে তিনি মুগ্ধ,"এই জয়ে প্রত্যেকেই অবদান রেখেছে। তবে এক জন হিরোকে বেছে নিতে হলে সে হবে জহির। সে-ই দলকে বিজয়মালা পরিয়েছে। (এই টেস্টে) জহিরের সুইং বোলিংয়ের প্রদর্শন দেখে এক জন বোলার হিসাবে তাকে নিয়ে গর্ব বোধ করছি আমি।" সেই সঙ্গে ভারতের জয়ে পেসাররা বড় ভূমিকা রাখায় মদনলাল দারুণ খুশি,"এই জয়ে যেটা আমার কাছে সবচেয়ে সুন্দর হিসাবে ধরা দিয়েছে তা হল আজ আমরা জয়ের জন্য ফাস্ট বোলারদের ওপরে নির্ভর করতে পারছি। আমরা তিন জন ফাস্ট বোলারকে খেলিয়েছি। গত তিন দশকে আমরা বোধহয় এমন সিদ্ধান্ত নেইনি। আমাদের হয়তো সত্যিকারের কোনো দ্রুতগতির বোলার নেই। তবে এখন আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমাদের সিমাররা দেশের বাইরে গিয়ে নিজেদের ক্ষমতাতেই প্রতিপক্ষকে হারাতে সক্ষম।"
এদিকে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে জানিয়েছেন 'জেলি বিন' ছোঁড়ার ঘটনায় কাউকে কিছু বলা হবে না। তবে পরের টেস্ট ম্যাচের আগের দিন দু অধিনায়ককে সতর্ক করে দেয়া হবে এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭১৬ঘ.
bdnews24