করাচি, ৩১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- এবার আর কোনো ঝুঁকিতে যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত বিশ্বকাপের আগে ডোপ কেলেঙ্কারিতে শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফকে খেলাতে পারেনি তারা। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসতে যাচ্ছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই এ দুজনের ডোপ টেস্ট করিয়ে নিয়েছে পিসিবি।
করাচিতে অনুশীলন শিবিরে থাকা পাকিস্তান দলের ম্যানেজার তালাত আলী মঙ্গলবার জানিয়েছেন এই ডোপ টেস্টের কথা। বলেছেন, "ইংল্যান্ডে খেলছে বলে ইউনিস খান, ইয়াসির আরাফাত ও দানিশ কানেরিয়া বাদে ক্যাম্পে যোগ দেওয়া সবারই ডোপ টেস্ট হয়েছে।"
গত অক্টোবরে পিসিবিকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছিলেন দুই ফাস্টবোলার শোয়েব ও আসিফ। ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগে এক ডোপটেস্টে নিষিদ্ধ ন্যানড্রোলন পাওয়া যায় তাদের শরীরে। দুজনকেই প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হলেও পরে আপিল কমিটি সে শাস্তি প্রত্যাহার করে নেয়। ডোপ টেস্টের ফলাফল জানা যাওয়ার পরই টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষনা করবে পাকিস্তান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৩৫ঘ.
bdnews24