নটিংহ্যাম, ইংল্যান্ড, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- প্রথম দিন ট্রেন্টব্রিজের উইকেট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পেসারদের দিকে। অথচ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেই উইকেটই যেন ব্যাটসম্যানদের বন্ধু! শনিবার সকালেই ১৯৮ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। জবাব দিতে নেমে চা-বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ এক উইকেটে ১৪৯ রান। ৭৭ রান নিয়ে ব্যাট করছেন দীনেশ কার্তিক। সঙ্গী রাহুল দ্রাবিড় তখনো কোনো রান করতে পারেননি। আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান ওয়াসিম জাফর (৬২)।
১৬৯ রানে ৭ উইকেট নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে ইংল্যান্ডের টেল এন্ডাররা। তারা দলের সংগ্রহ দু'শোর কোটা পার করে নিতে পারবেন কিনা দেখার ছিল এটাই। অল্পের জন্য পারেননি। ১৯৮ রানেই শেষ হয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। ক্রিস ট্রেমলেট ও রায়ান সাইডবটমের ২৯ রানের জুটিটি ভেঙ্গেছেন অনিল কুম্বলে। দারুণ এক গুগলিতে বোল্ড হয়েছেন ট্রেমলেট (২০)। মন্টি পানেসার (১) টেকেননি বেশিক্ষণ। জহির খান তার চতুর্থ উইকেটটি পেয়েছেন পানেসারকে আউট করে। দ্বিতীয় স্লিপে ক্যাচটা নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। কুম্বলে তার তৃতীয় উইকেট নিয়েছেন জেমস এন্ডারসনকে (১) বোল্ড করে। সঙ্গে সঙ্গে শেষ হয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংস।
ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার শুরু থেকেই ছিলেন আস্থার প্রতিমূর্তি। উদ্বোধনী জুটিতে ১৪৭ রানেই তা প্রমাণিত। কোনো উইকেট না হারিয়ে তারা যখন চা-বিরতিতে যাবার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই ট্রেমলেটের আঘাত। এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে জাফরকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর/এএআর/২১০৬ঘ.
bdnews24