লন্ডন, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ওভার স্টেপিংয়ের জন্য নো বল হলে প্রতিপক্ষের অ্যাকাউন্টে এক রান জমা করার পাশাপাশি বাড়তি একটি বল করার দুর্ভোগ আরো বাড়তে যাচ্ছে বোলারদের। লর্ডসে সদ্যসমাপ্ত আইসিসির সভায় প্লেয়িং কন্ডিশনের যে পরিবর্তনগুলো অনুমোদিত হয়েছে, তাতে ওয়ানডে ক্রিকেটে ওভার স্টেপিংয়ে হওয়া নো বলের পরের বলটা গণ্য হবে ফ্রি হিট হিসেবে, ঠিক টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের মতোই। এবং সেই বলে রান আউটের বাইরে অন্য কোনো আউট হবেন না ব্যাটসম্যানরা। অর্থাৎ ব্যাটসম্যানরা যেমন ইচ্ছা তেমন মারতে পারবেন ওই বলটি। এছাড়াও আরো কিছু পরিবর্তন এসেছে, যেগুলোর কথা শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিসি। আর ওই পরিবর্তনগুলো কার্যকর হবে এবছরের ১ অক্টোবর থেকে।
ওয়ানডেতে এখন পাওয়ার প্লে'তে ৩০ গজের বৃত্তের বাইরে মাত্র দুইজন ফিল্ডার দাঁড়াতে পারেন। ১ অক্টোবর থেকে সেই সংখ্যাটাও বেড়ে হচ্ছে তিন। কিন্তু ফিল্ডিং দল এই সুবিধাটা পাবে শুধু ইনিংসের দ্বিতীয় কিংবা তৃতীয় পাওয়ার প্লে'তে। ওয়ানডেতে প্রত্যেক ইনিংসের ৩৫ ওভার পর বল পরিবর্তনও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। বাকী ওভারগুলো খেলা হবে ব্যবহৃত পরিষ্কার অন্য একটি বল দিয়ে। সবধরনের আন্তর্জাতিক ম্যাচে বাউন্ডারি সীমানা বাড়ানোর বিধানও করা হয়েছে এতে। উইকেটের আড়াআড়ি মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দৈর্ঘ্য কমপক্ষে ১৫০ গজ রাখতে বলা হয়েছে (আগে ছিল ১৪০ গজ) এবং উইকেট বরাবর একেক প্রান্তে কমপক্ষে ৭০ গজ করে (আগে ছিল ৬৫ গজ)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৪ঘ.
bdnews24