২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল অধরাই থেকে গেল নিউজিল্যান্ডের

দ্বিতীয় স্পেলে ফেরা লাসিথ মালিঙ্গার বলে স্কট স্টাইরিসের ক্যাচটা নিয়ে মুত্তিয়া মুরালিধরন যে উল্লাসে মেতে উঠলেন, দেখে মনে হতেই পারতো ম্যাচটা যেন জেতা হয়ে গেছে সেখানেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 05:25 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সেবার হয়নি, কারণ বলটা ছিল নো বল। কিন্তু সে জন্য বেশি সময় অপেক্ষাও করতে হয়নি শ্রীলঙ্কাকে। চার ওভার পর তিলকরত্নে দিলশান স্টাইরিসকে ফিরিয়ে দেওয়ার পর আসলেই যেন ম্যাচ জিতে গেছে শ্রীলঙ্কা। সেখান থেকেই শুরু হওয়া এক ‘ভূমিধ্বসে’ তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে নিউজিল্যান্ডের মিডল অর্ডার। মাত্র ৪৪ রানের ভেতর পড়ে গেছে ৭ উইকেট। শেষ উইকেটে জেমস ফ্র্যাংকলিন আর জিতান প্যাটেলের ৫৯ রানের জুটিও বাঁচাতে পারেনি তাদের। ৮ ওভার ২ বল হাতে রেখেই নিউজিল্যান্ডকে ২০৮ রানে অলআউট করে দিয়ে ৮১ রানের বড় জয় পেয়ে দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠেছে ১৯৯৬ বিশ্বকাপের শিরোপাজয়ী শ্রীলঙ্কা। কিন্তু নয় বিশ্বকাপের পাঁচবারই সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ডের জন্য অধরাই রয়ে গেল ফাইনাল!

৩২ রানে প্রথম দুই উইকেট হারালেও স্টাইরিস আর ফুলটন যখন ব্যাট করছিলেন তখন কিন্তু দারুণ একটা লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু ৩৮ বলে তিনটি বিশাল ছক্কা আর দুটি চারের সাহায্যে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলার পর দিলশানকে ডাউন দ্য উইকেটে উড়িয়ে মারতে গিয়ে স্টাইরিস শর্ট মিডউইকেটে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়লে এক ঝটকায় বদলে যায় সব কিছু। বদলে দেওয়ার কারিগর আর কেউ নন, মুত্তিয়া মুরালিধরন। ৩১ রানে চার উইকেট নিয়ে তিনিই সর্বনাশটা করেছেন নিউজিল্যান্ডের। তাকে যথার্থ সহযোগিতা দিয়েছেন অন্য দুই স্পিনার জয়াসুরিয়া (২/৫৭) আর দিলশান (২/২২)।

স্টাইরিসের বিদায়ের এক ওভার পরেই অনিয়মিত অফস্পিনার দিলশানের হাত থেকে বল নিয়ে মুরালিধরন শুরু করেন তার দ্বিতীয় স্পেল। আর শুরুতেই সাফল্য! নিজের তৃতীয় ওভারের শেষ দুই বলে তার শিকার হলেন জ্যাকব ওরাম আর ব্রেন্ডন ম্যাককালাম। নিজেরই বলে ফেলতে ফেলতেও ওরামের (৩) অসাধারণ একটা ক্যাচ নেওয়ার পর ট্রেডমার্ক ‘দুসরা’য় বিভ্রান্ত করে ম্যাককালামকে (০) ফিরিয়ে দিয়েছেন তিনি, তবে শর্ট ফাইন লেগে চামারা সিলভার নেওয়া ক্যাচটাও ছিল দুর্দান্তই।

সনাৎ জয়াসুরিয়ার করা পরের ওভারেই ইনিংসের সর্বোচ্চ স্কোরার ফুলটন (৪৬) আয়েশি একটা শট খেলে মিড অনে সিলভাকে ক্যাচিং প্র্যাকটিস করালে সেখানেই আসলে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের লড়াই।

পরের ওভারের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক হতো মুরালিধরনের। সেটা হয়নি, তবে ওই ওভারেই ড্যানিয়েল ভেট্টরিকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তিনি।

ইনজুরি আক্রান্ত ক্রেগ ম্যাকমিলান মাঝে রানার নিয়ে কিছুক্ষণ লড়াই করেছেন। কিন্তু জয়াসুরিয়ার বাঁহাতি ফ্লিপারে বোল্ড হয়ে শেষ হয়েছে তার ২৫ রানের ইনিংসটা। পরের ওভারেই মুরালিধরনের চতুর্থ শিকার হয়েছেন ভুলে যাওয়ার মতো একটা দিন কাটানো শেন বন্ড (২), ধ্্রুপদি অফস্পিনে তার অফস্টাম্প উড়িয়েছেন মুরালিধরন।

শেষ ব্যাটসম্যান প্যাটেলকে (৩৮ বলে ৩৪) দিলহারা ফার্নান্ডোর শিকার বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট পেয়েছেন দিলশান। ফ্র্যাংকলিন অপরাজিত ছিলেন ৩৮ বলে ৩০ রান করে।

এর আগে অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে (১) এলবিডব্লুর ফাঁদে ফেলে লাসিথ মালিঙ্গা ইনিংসের দ্বিতীয় ওভারেই কিউইদের দিয়েছেন একটা বড় ধাক্কা। তারপর তার নতুন বল সঙ্গী চামিন্ডা ভাস রস টেলরকেও (৯) একইভাবে ফিরিয়ে দিলে বিপদেই পড়ে যায় নিউজিল্যান্ড। সেখান থেকেই কিউইদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন স্টাইরিস আর ফুলটন।

টেলর অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন, যে বলে আম্পায়ার সাইমন টফেল তাকে আউট দিয়েছেন সেটা অফস্টাম্প মিস করতেই পারতো। কিন্তু তাহলে আবার শ্রীলঙ্কানরা নিজেদের ভাববে দ্বিগুণ দুর্ভাগা! দুই আম্পায়ারের দুটি ভুল সিদ্ধান্তই যে গেছে তাদের বিপক্ষে। আর সেই দুটির শিকার হয়েছেন ভালো খেলতে থাকা তাদের দুই তরুণ ব্যাটসম্যান চামারা সিলভা ও তিলকরত্নে দিলশান। কিন্তু অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে সে ধাক্কা কাটিয়ে ভালোই সংগ্রহ গড়েছে ১৯৯৬ বিশ্বকাপের শিরোপা জয়ীরা। কিংস্টনের স্যাবাইনা পার্কে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে তারা তুলেছে ৫ উইকেটে ২৮৯ রান।

৬৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর মাঠে নেমে শুরুটা একটু ধীরগতিতেই করেছেন জয়াবর্ধনে। দশম বলে রানের খাতা খোলার পর প্রথম ১০ রান করতেই ৩৪ বল খেলে ফেলেছিলেন তিনি। হাফসেঞ্চুরি করতে লেগেছে ৭৬ বল। কিন্তু ৪৪তম ওভারে জ্যাকব ওরামকে মাথার ওপর দিয়ে দুর্দান্ত একটা ছক্কা মেরে গতিটা বদলে ফেলেছেন তিনি। ৫০ থেকে ১০০তে পৌঁছাতে মাত্র ২৮ বল লেগেছে তার! ১০৯ বলে ১১৫ রানের ইনিংসে একটাই কালির ছোপ আছে শ্রীলঙ্কান অধিনায়কের, জিতান প্যাটেলের বলে তার দেওয়া একটি ক্যাচ ডিপ মিডউইকেট বাউন্ডারিতে দাঁড়িয়ে ফেলেছেন শেন বন্ড, জয়াবর্ধনেকে ‘জীবন’ দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন ছক্কাও। শেষ ওভারে বন্ডকেও একটা ছক্কা মেরেছেন তিনি, এছাড়াও তার ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। তার কল্যাণেই শেষ ৫ ওভারে ৫৬ রান তুলেছে শ্রীলঙ্কা।

বন্ডের আসলে দিনটাই গেছে খারাপ। ইনজুরি থেকে ফিরে এই স্পিডস্টার যেন নিজেকে খুঁজেই পাচ্ছিলেন না। ১০ ওভারে ৫৯ রান দিয়ে একটাই উইকেট পেয়েছেন তিনি, সেটাও আম্পায়ার রুডি কোয়ের্টজেনের সৌজন্যে। দারুণ খেলতে থাকা চামারা সিলভাকে (২১) এলবিডব্লু ঘোষণা করেছেন কোয়ের্টজেন, যদিও রিপ্লেতে পরিস্কার দেখা গেছে প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছিল বন্ডের বলটি।

এরপর ভুলের মিছিলে যোগ দিয়েছেন আইসিসির চোখে বিশ্বের সেরা আম্পায়ার সাইমন টফেলও। ওরামের যে বলে দিলশানকে (৩০) এলবিডব্লু ঘোষণা করেছেন এই অস্ট্রেলিয়ান, সেটি লেগস্টাম্প তো মিস করতোই, আরেকটু হলেই ওয়ানডের বিবেচনায় হতে পারতো ওয়াইডও।

নতুন বল হাতে বন্ডের সঙ্গী জেমস ফ্র্যাংকলিনই ছিলেন কিউই বোলারদের মধ্যে একমাত্র ব্যতিক্রম। নিউজিল্যান্ডের হয়ে প্রথম দুটি সাফল্যই এই বাঁহাতি পেসারের। ইনিংসের তৃতীয় ওভারেই ‘বিপজ্জনক’ সনাৎ জয়াসুরিয়াকে (১) বোল্ড করে দেওয়ার পর কুমার সাঙ্গাকারার যন্ত্রণাকর ইনিংসটারও অবসান করেছেন তিনিই, ৪২ বলে ১৮ রান করে সাঙ্গাকারা ক্যাচ দিয়েছেন মিড অনে স্টিফেন ফ্লেমিংয়ের হাতে। কিন্তু দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটিতে তার সঙ্গী উপুল থারাঙ্গা তার ওপর নির্বাচকদের আস্থার দারুণ জবাব দিয়েছেন। বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরির বলে বোল্ড হওয়ার আগে ৭৪ বলে ৭৩ রানের ইনিংসে একটি ছক্কা আর নয়টি বাউন্ডারি মেরেছেন তিনি।

সকালে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক বেছে নিয়েছেন ব্যাটিং।

নিউজিল্যান্ডের দলে পরিবর্তন হয়েছে দুটি, প্রথম একাদশে নিয়মিত শেন বন্ড আর জ্যাকব ওরাম ফিরেছেন ইনজুরি কাটিয়ে। বাদ পড়েছেন মাইকেল ম্যাসন আর মার্ক গিলেস্পি। আর শ্রীলংকা দলে ফিরেছেন লাসিথ মালিঙ্গা ও দিলহারা ফার্নান্ডো, তাদের জায়গা দিতে বাদ পড়তে হয়েছে আগের ম্যাচেই ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়া ফারভিজ মাহারুফ আর নুয়ান কুলাসেকারাকে।

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৮৯/৫ (থারাঙ্গা ৭৩, জয়াসুরিয়া ১, সাঙ্গাকার ১৮, জয়াবর্ধনে অপ. ১১৫, চামারা ২১, দিলশান ৩০, আরনল্ড অপ. ১৪ ফ্র্যাঙ্কলিন ৪৬/২, বন্ড ৫৯/১, ওরাম ৬০/১, ভেত্তোরি ১/৫১, প্যাটেল ০/৬২, স্টাইরিস ০/৮)।

নিউজিল্যান্ড : ৪১ দশমিক ৪ ওভারে ২০৮/১০ (ফ্লেমিং ১, ফুলটন ৪৬, টেলর ৯, স্টাইরিস ৩৭, ওরাম ৩, ম্যাককালাম ০, ম্যাকমিলান ২৫, ভেট্টরি ০, ফ্র্যাংকলিন অপ. ৩০, বন্ড ২, প্যাটেল ৩৪; ভাস ১/২৫, মালিঙ্গা ১/২১, ফার্নান্ডো ০/৪৫, মুরালিধরন ৪/৩১, জয়াসুরিয়া ২/৫৭, দিলশান ২/২২)।

ফল : শ্রীলঙ্কা ৮১ রানে জয়ী।

ম্যান অফ দি ম্যাচ : মাহেলা জয়াবর্ধনে।