পাকিস্তানের ব্যর্থতার কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি!
খেলা বাদ দিয়ে বাড়াবাড়ি রকমের ধর্ম পালনের প্রবনতাই নাকি পাকিস্তানকে এবারের বিশ্বকাপে ডুবিয়েছে! বাইরের কেউ নয়, এই কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা পি. জে. মীর।
ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের কাছেও হেরে যাওয়ায় এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। আয়ারল্যান্ড ম্যাচের পরের দিন সকালে হোটেলে অচেতন অবস্থায় পাওয়া যায় কোচ বব উলমারকে। পরে জানা যায়, খুন করা হয়েছে তাকে।
সবদিক দিয়ে বিপর্যস্ত পাকিস্তান দল। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সামনে গিয়ে দলকে আরেক ধাক্কা দিয়ে এলেন ম্যানেজার। ওখান থেকে ফিরে ম্যানেজার মীর জানিয়েছেন, ‘‘এই বিষয়টা আগে জানাতে পারিনি। তবে আজ আমি বলছি, দলের অধিকাংশ সদস্যেরই খেলায় একদমই মন ছিল না। তাদের ধর্ম প্রচারকের ভূমিকা দলের প্রস্তুতিতেও প্রভাব ফেলেছিল।’’
মীর বলেছেন, ‘‘দারুণ সম্মানের ওই টুর্নামেন্টে খেলোয়াড়রা দাঁড়িয়ে ছিল নিজেদের নৈপুণ্য প্রদর্শনের চ্যালেঞ্জের সামনে। কিন্তু দুঃখ নিয়েই বলছি, তাদের মধ্যে এমন কোনো চ্যালেঞ্জ নেয়ার বিষয় দেখিনি। বরং তারা বেশি ব্যস্ত ছিল ধর্ম প্রচারে আর প্রার্থনায়।’’
ইনজামাম উল হকের পাকিস্তান দলে সাম্প্রতিক সময়ে দাড়ি রাখার হিড়িক পড়েছে। ক্ষ্রীস্ট ধর্ম ছেড়ে আগেই স্বপরিবারে ইসলাম গ্রহণ করেছেন মোহাম্মদ ইউসুফ। দলের প্রায় সবাই তাবলিগের সঙ্গে জড়িত। সবমিলিয়ে পাকিস্তান দলকে খুব ধর্মভীরু একটি দলের মতো দেখায় এখন। কিন্তু ম্যানেজার মীরের দাবি, এর অনেকটাই নাকি শুধু দেখানোর জন্য, আর ধর্ম-কর্মের ব্যাপারটি নাকি এবার ‘‘সীমা ছাড়িয়ে গিয়েছিল। কমিটিকে আমি বলেছি, আড়ালে প্রার্থনা করার বদলে জনগনের দেখার বিষয় বানানোর জন্য পাকিস্তান দল তা সবার সামনেই করে।’’
এ প্রসঙ্গে কমিটির সামনে উদাহরণও দিয়ে এসেছেন মীর। বিমানে যার যার আসনে বসে প্রার্থণা করার বদলে ইনজামাম উল হক কয়েকজনকে নিয়ে সবাইকে দেখিয়ে নামাজ পড়েছেন। এর ভিডিও ফুটেজও বোর্ডকে দেখতে দিয়েছেন তিনি।
cricinfo.com-এর সহায়তায়
