ভারতীয় ক্রিকেটে বিপ্লব, আসছে নতুন লিগ!
বিশ্বকাপে দলের ব্যর্থতার সূযোগে কতো কিছুই না ঘটছে ভূ-ভারতে! এবার খোদ ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মুখোমুখি দাঁড়িয়ে গেছে ‘এসেল গ্রুপ’ আর ‘জি গ্রুপ’। বোর্ডের ক্রিকেট লিগের পাশাপাশি নতুন এক ফরম্যাটে আনকোরা এক লিগ শুরুর ঘোষণা দিয়েছে তারা। যেখানে তাদের লগ্নী থাকছে ১০০ কোটি রুপি!
বলা হচ্ছে, এসেল গ্রুপের মালিক সুভাষ চন্দ্র এ যুগের কেরি প্যাকারের ভূমিকায় নেমেছেন। ৩০ বছর আগে অস্ট্রেলিয়ার ‘মিডিয়া মুগল’ প্যাকার দেশের ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সমান্তরালে এসে বিপ্লব ঘটিয়েছিলেন। ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজকে টেলিভিশনে সম্প্রচার করার মাধ্যমে খেলাটার খোলনলচেই পাল্টে ফেলেছিলেন তিনি। আজকে যে ওয়ানডে ক্রিকেটের এত উন্মাদনা, তার জনক বলতে হবে প্যাকারকেই।
সুভাষ চন্দ্রর প্রজেক্টের নাম ‘ইন্ডিয়ান ক্রিকেট লিগ’ বা আইসিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তারা আবেদন জানিয়েছে, এটি প্রতিবছর জুলাই-আগস্টে শুরুর অনুমতি দিতে। প্রথম বছর ছয়টি দল বা ক্লাব খেলবে এই প্রতিযোগিতায়। ‘টুয়েন্টি টুয়েন্টি’ দিয়ে শুরু হয়ে লিগ এগিয়ে যাবে ৫০ ওভারের ওয়ানডে ম্যাচের দিকে। প্রত্যেক দলে বাধ্যতামূলকভাবে দুজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, চারজন বিদেশী আর আটজন জুনিয়র খেলোয়াড় রাখতে হবে। সবার থাকতে হবে কোচ, মিডিয়া ম্যানেজার, মনোবিদ ও ফিজিও। এই টুর্নামেন্টের প্রাইজ মানি থাকছে ১০ লাখ ডলার। তিন বছর পর ৬ থেকে প্রতিযোগী দলের সংখ্যা ১৬ তে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সমান্তরালে এসে কেন এই উদ্যোগ? যার মাথা থেকে এসেছে এই পরিকল্পনা সেই সুভাষ চন্দ্রের দাবি, জাতীয় দলের জন্য ‘রিজার্ভ খেলোয়াড় তৈরি’ করাই তাদের উদ্দেশ্য। এসব খেলোয়াড়ের মধ্যে থাকবে ‘জয়ের তীব্র আকাঙ্খা’। বিসিসিআই চাইলে খেলোয়াড় বেছে নিতে পারবে। সুভাষ চন্দ্রের ভাষায়, ‘‘ক্রিকেট এদেশের উন্মাদনা, এখানে খেলাটি ধর্মের মতো। খেলোয়াড়দের জন্য দারুণ বাণিজ্যিক সুযোগ থাকলেও বিসিসিআই মাত্র ৬ জন এ-গ্রেডের খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ। আমাদের মনে হচ্ছে, এ কারণে প্রতিভাবান খেলোয়াড়ের একটি দল খুঁজে বের করতে সম্মিলিত প্রচেষ্টার দরকার।’ তিনি এ কথা বললেও অনেকে মনে করিয়ে দিচ্ছেন, তিন বছর আগে সবার চেয়ে বেশি টাকা দিয়েও ‘জি গ্রুপ’ ভারতে ক্রিকেটের টিভি স্বত্ব পায়নি। সেটাই এই উদ্যোগের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে।
বিশ্বকাপ ব্যর্থতার পর সমস্যার সাগরে হাবুডুবু খেতে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য এ এক নতুন উপদ্রব। বিপ্লবের হুমকিও বটে। বিসিসিআই-এর সাধারণ সম্পাদক নিরঞ্জন শাহ্ জানিয়েছেন, ‘‘ইন্ডিয়ান ক্রিকেট লিগ শুরুর অনুমতি চেয়ে জি টেলিভিশনের সুভাষ চন্দ্রের পাঠানো একটি চিঠি বিসিসিআই সভাপতি শারদ পাওয়ার পেয়েছেন। বোর্ড এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”
বোর্ডের সহ-সভাপতি ললিত মোদি সাফ জানিয়ে দিয়েছেন, বিসিসিআই সহায়তা না করলে কারো পক্ষে এমন উদ্যোগকে বাস্তবে রূপ দেয়া সম্ভব নয়, ‘‘ প্রথমত, যদি তিনি (সুভাষ চন্দ্র) স্থানীয় টুর্নামেন্টের কথা ভাবেন তাহলে আমাদের অনুমতি ছাড়া মাঠ ব্যবহার করতে পারবেন না। আন্তর্জাতিক খেলোয়াড়দের দিকে হাত বাড়ালে তার দরকার বিসিসিআই আর আইসিসির অনুমতি। তেমন কিছুর কথা এখনো শুনিনি। আর বোর্ড তো ব্যক্তিগত উদ্যোগে কাউকে এমন কিছু করার অনুমতি দেয়ও না।’’
অর্থাৎ, এ যুগের কেরি প্যাকার হতে গেলে সুভাষ চন্দ্রের পাড়ি দিতে হবে অনেক কাঁটা বেছানো পথ!
Cricinfo-এর সহায়তায়
