বদনাম ঘোচানোর পথে দক্ষিণ আফ্রিকার ছোট্ট পদক্ষেপ
এ ম্যাচের আগে এ কান থেকে ও কান বিস্তৃত হাসিতেই বেশি মানাতো গ্রায়েম স্মিথকে। একে তো বিশ্বকাপে এসেছেন ওয়ানডে র্যাংকিংয়ের সেরা দলের অধিনায়ক হয়ে, তার ওপর সেন্ট কিটসে শুক্রবার তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে ক্রিকেটে একেবারেই অবজ্ঞার পাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। দুর্দান্ত সূচনার এর চেয়ে নিশ্চিত আশ্বাস আর কী হতে পারতো! কিন্তু তারপরও দক্ষিণ আফ্রিকার অধিনায়কের মুখে হাসিটা তার দলে অশ্বেতাঙ্গদের সুযোগ দেয়ার মতোই নিয়মে বাঁধা। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচও যেন তার কাছে খুব বড় চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা আর চাপের মুখে ভেঙ্গে পড়ে না -- এটা প্রমান করার আগে কোনো হোঁচট খাওয়ার ঝুঁকি নেয়া কি ঠিক!
ক’দিন ধরে দক্ষিণ আফ্রিকার এই পুরোনো অপবাদটাকে আবার খুঁচিয়ে তুলছে অস্ট্রেলিয়া। প্রথমে রিকি পন্টিং, তারপর গ্লেন ম্যাকগ্রা --- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো এই দুজন বিশ্বকাপ শুরুর আগে মনস্তাত্বিক লড়াইয়ে এগিয়ে থাকার জন্যই বোধহয় মন্তব্য করেছেন,“ দক্ষিণ আফ্রিকা চোকার। ওরা চাপের মুখে কখনোই অস্ট্রেলিয়ার মতো ঘুরে দাঁড়াতে পারে না।” গ্রায়েম স্মিথ বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারতেন, কিন্তু যাননি। বরং গত দেড় বছরে তার দল অনেকবারই যে চাপের মুখেও স্মরনীয় কিছু সাফল্য পেয়েছে, সে কথা মনে করিয়ে বিশ্বকাপে তার ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন।
নেদারল্যান্ডসের জন্য সেটা কোনো ভালো খবর নয়। ম্যাচে এমনিতেই অসম লড়াইয়ের আশঙ্কা। সে আশঙ্কা আরো বাড়িয়েছে স্মিথের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা।
ওয়ানডেতে এর আগে একবারই মুখোমুখি হয়েছে দু দল। ’৯৬ বিশ্বকাপের সেই ম্যাচে ১৬০ রানে হেরেছিল নেদারল্যান্ডস। এবার কি আরো বড় ব্যাবধানে জিতবে দক্ষিণ আফ্রিকা? প্রস্তুতি ম্যাচ দুটোতে বাজে পিচ প্রস্তুতি মাটি করে দেওয়ায় স্মিথ অবশ্য গ্র“পের ছোট দুটো দলের বিপক্ষে সেই ঘাটতি পূরণের কথাও ভাবছেন,“ আশা করি নেদারল্যান্ডস আর স্কটল্যান্ডের বিপক্ষে ছেলেরা উইকেটে কিছুটা সময় কাটাতে পারবে।”
মাখায়া এনটিনি সম্ভবত এ ম্যাচের উইকেট দেখতেও পারবেন না। দলের অপরিহার্য এই ফাস্টবোলার দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে ছিলেন বলে ওয়েস্ট ইন্ডিজে এসেছেন এই বুধবার। পর্যাপ্ত বিশ্রাম দিতে তাকে এ ম্যাচে না খেলানোর কথাই ভাবছে দক্ষিণ আফ্রিকা।
