ঢাকা, ১৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- খুলনা ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। কিন্তু একই সঙ্গে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তিনটি দল --- ঢাকা, রাজশাহী ও বরিশাল। এদের প্রত্যেকের পয়েন্ট ৪২। কাজেই পয়েন্টের দিক থেকে খুব কাছাকাছি থাকা এই চারটি দলের জন্য রোববার থেকে শুরু হতে যাওয়া ইস্পাহানি মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ।
বরিশাল অধিনায়ক শাহরিয়ার নাফীস তো এটাকে অভিহিত করছেন এভাবে, "একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই।" আর এই রাউন্ডের লাইন আপটাও জমজমাট লড়াইয়ের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শীর্ষে থাকা খুলনার মুখোমুখি হচ্ছে বরিশাল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বরিশালের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা রাজশাহী ও ঢাকা। এই দুটো ম্যাচের মতো আকর্ষণ থাকার কথা নয় চট্টগ্রাম-সিলেট লড়াই নিয়ে। কারণ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে নামছে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দুটো দল।
এই রাউন্ডে খেলতে নামার আগে রাজশাহী অধিনায়ক খালেদ মাসুদের অবশ্য কিছুটা আফসোস আছে, "ওয়ানডেতে সব ম্যাচ জিতে আমরা শীর্ষে আছি। চারদিনের ম্যাচেও তাই থাকতে পারতাম। কিন্তু আমরা গত ম্যাচটাতেই (খুলনার বিপক্ষে) কেবল খারাপ খেলে ফেলেছি। হারলেও ওই ম্যাচটাতে আমরা জিততেও পারতাম।" চতুর্থ রাউন্ডের আগে চারদিনের ম্যাচেও শীর্ষে ছিল মাসুদের দল। ওই হারে যা ক্ষতি হয়েছে পঞ্চম রাউন্ডে তা পুষিয়ে নিতে চান তিনি। এক্ষেত্রে নিজেদের মাঠে খেলাটাও তাদের বড় সুবিধা করে দিতে পারে। এখন পর্যন্ত খেলা দুটো ম্যাচেই তারা জিতেছে।
তথ্যটা ঢাকা অধিনায়ক মোহাম্মদ আশরাফুলেরও ভালো করে জানা। সেই সঙ্গে শনিবার মাঠে গিয়ে রাজশাহীর উইকেটে ঘাস দেখার পর তার রণকৌশলে পেস বোলাররা প্রাধান্য পেতে শুরু করেছেন। তিনজন পেসার নিয়ে নামার পরিকল্পনা করছেন তিনি। যদিও এই ম্যাচে খুব সম্ভবত পাচ্ছেন না দলের স্পিন আক্রমণের সেরা অস্ত্র মোহাম্মদ রফিককে। শুক্রবার ঢাকা দল রাজশাহী পৌঁছে গেছে। রফিকের সেখানে যাওয়ার কথা শনিবার। কিন্তু রাত আটটায়ও তিনি পৌঁছাননি বলে নিশ্চিত করেছেন আশরাফুল। তৃতীয় পেসার হিসেবে নাহিদুল ইসলাম কিংবা নাজমুল হোসেন মিলনের কথা ভাবছেন তিনি। তবে পরের জনের সম্ভাবনাই বেশি। কারণ তার ব্যাটের হাতও ভালো। এই রাউন্ড শেষে আশরাফুল নিজের দলকে দেখতে চাইছেন সেই জায়গায়, "যতো বেশি সম্ভব পয়েন্ট নিয়ে শীর্ষে যেতে চাই।"
জাতীয় লিগের আগের আসরগুলোতে তেমন সুবিধে করে উঠতে না পারা বরিশালও এই রাউন্ড শেষে শীর্ষে দেখতে চায় নিজেদের। যদিও অধিনায়ক নাফীস মানছেন কাজটা খুব কঠিন, "আমি তো সব সময়ই বলে এসেছি কাগজে-কলমে জাতীয় লিগে সবচেয়ে ভালো দল খুলনা। ওদের জাতীয় দলের ক্রিকেটার বেশি। তবে এবার আমরা খুব ভাল ফর্মে আছি। তাই খুলনার সঙ্গে পেরে ওঠা অসম্ভব নয়।" তাদের মুখোমুখি হওয়ার আগে খুলনার জন্য স্বস্তির খবর, বিশ্রাম শেষে ফিরছেন মাশরাফি বিন মর্তুজা। আব্দুর রাজ্জাকের ফেরার কথা থাকলেও চারদিনের ম্যাচে খেলছেন না তিনি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধিনায়ক হাবিবুল বাশার বললেন, "রাজ্জাকের হ্যামস্ট্রিংয়ে একটু সমস্যা আছে। তাই আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওয়ানডেতে খেলানো হবে ওকে।" রোববার সকালে অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন বলে গত রাউন্ডেই জাতীয় লিগ ইতিহাসের প্রথম হ্যাটট্রিক করা ডলার মাহমুদকেও পাচ্ছে না খুলনা। তবে শীর্ষে থাকা খুলনার জন্য এটা কোনো বাধাই হওয়ার কথা নয়। কারণ মাশরাফি-রাজ্জাকদের ছাড়াই চতুর্থ রাউন্ডে সবাইকে টপকে শীর্ষে পৌঁছেছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০৮ঘ.
bdnews24