২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগিলের সমর্থনে ওয়ার্ন

৪০ টেস্টে ১৯৮ উইকেট অর্থাৎ গড়ে টেস্ট প্রতি উইকেটের সংখ্যা প্রায় পাঁচ। তবু যে স্টুয়ার্ট ম্যাকগিলের টেস্ট ক্যারিয়ার আরো প্রস্ফুটিত, আরো সমৃদ্ধ হয়নি তার একমাত্র কারণ শেন ওয়ার্ন। সর্বকালের সেরা লেগ স্পিনারের জন্যই অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিয়মিত হতে পারেননি ম্যাকগিল। ওয়ার্ন অবসর নেয়ায় এখন তো তার নিশ্চিন্ত থাকারই কথা! কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে ম্যাকগিলের সামনে আবার অনিশ্চয়তার অন্ধকার। এমন দুঃসময়ে তিনি এমন একজনকে পাশে পেলেন যার জন্য তার ক্যারিয়ার বিকশিত হতে পারেনি! হ্যাঁ, ওয়ার্নই মনে করছেন শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে ম্যাকগিলের ওপরে আস্থা রাখা উচিৎ অস্ট্রেলিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

সিডনি, ৩১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৪০ টেস্টে ১৯৮ উইকেট অর্থাৎ গড়ে টেস্ট প্রতি উইকেটের সংখ্যা প্রায় পাঁচ। তবু যে স্টুয়ার্ট ম্যাকগিলের টেস্ট ক্যারিয়ার আরো প্রস্ফুটিত, আরো সমৃদ্ধ হয়নি তার একমাত্র কারণ শেন ওয়ার্ন। সর্বকালের সেরা লেগ স্পিনারের জন্যই অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিয়মিত হতে পারেননি ম্যাকগিল। ওয়ার্ন অবসর নেয়ায় এখন তো তার নিশ্চিন্ত থাকারই কথা! কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে ম্যাকগিলের সামনে আবার অনিশ্চয়তার অন্ধকার। এমন দুঃসময়ে তিনি এমন একজনকে পাশে পেলেন যার জন্য তার ক্যারিয়ার বিকশিত হতে পারেনি! হ্যাঁ, ওয়ার্নই মনে করছেন শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজে ম্যাকগিলের ওপরে আস্থা রাখা উচিৎ অস্ট্রেলিয়ার। এই সপ্তাহে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট পিউরা কাপে কুইন্সল্যান্ডের বিপক্ষে একদমই ভাল করতে পারেননি ম্যাকগিল। ২৮০ রানের বিনিময়ে মাত্র ৪ উইকেট পেয়েছেন নিউ সাউথ ওয়েলসের এই লেগস্পিনার। তবে এই পারফরম্যান্সকে একটুও গুরুত্ব দিতে রাজি নন ওয়ার্ন। তার বিশ্বাস টেস্ট দলে সুযোগ পেলে ঠিকই জ্বলে উঠবেন ম্যাকগিল, "(দলে) সুযোগ পাওয়া তার প্রাপ্য আর আশা করি সে তা পাবেও। এই সপ্তাহে নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে সে হয়তো তেমন ভাল বল করতে পারেনি। তবে সে হল সেই ধরণের খেলোয়াড় টেস্টে যে তার উচ্চতা উপরে তুলে ধরবেই।" ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের ভেন্যু ম্যাকগিল সম্পর্কে আরো বেশি আশাবাদী করে তুলেছে ওয়ার্নকে। ব্রিসবেনের গ্যাবা টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর বহু কীর্তিধন্য। গ্যাবায় ম্যাকগিলের টেস্ট পারফরম্যান্স (৩ টেস্টে ২৬ দশমিক ৪৫ গড়ে ১১ উইকেট) খারাপ নয়। ওয়ার্নের বিশ্বাস গ্যাবার স্পিন সহায়ক উইকেট ম্যাকগিলকে যথেষ্ট সাহায্য করবে, "উইকেটের গতির কারণে স্পিন বল করার জন্য সেটা (গ্যাবা) দারুণ একটা জায়গা। এক বার শট খেলতে মনস্থ করলে সেই লোভ আপনি সামলাতে পারবেন না। স্পিনারদের জন্য এটা দারুণ ব্যাপার। (উইকেটের) বাউন্স সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। গ্যাবায় এমনকি প্রথম দিনটাও বল করার জন্য সেরা দিন হতে পারে। ম্যাকগিল এটা উপভোগ করবেই।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১০ঘ.