২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুমি যা করেছ, লোকে কেবল তার স্বপ্নই দেখতে পারে’

একটা সময় ছিল মাঠে নামলেই নানা রেকর্ড ধরা দিত বিরাট কোহলির হাতে। রান-কীর্তি-অর্জনের সঙ্গে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। হুট করেই কী যে হলো, এখন কিনা তাকে রান করতেই ভুগতে হচ্ছে! তাতে হচ্ছে সমালোচনা। প্রশ্ন উঠছে ভারত দলে তার জায়গা নিয়ে। কঠিন এই সময়ে কোহলিকে এসবে কান না দেওয়ার পরামর্শ দিলেন কেভিন পিটারসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 07:35 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যানের মতে, ক্রিকেটে কোহলি যা করেছে, মানুষ সেসব কেবল কল্পনাতেই ভাবতে পারে।

বছরের পর বছর ধরে কোহলির রানের জোয়ারে ভাটার টান প্রথম আসে সেঞ্চুরি খরা দিয়ে। রান পেলেও তিনি সেঞ্চুরি পাচ্ছিলেন না। ক্রমে সেটিই এখন রূপ নিয়েছে ফর্মহীনতায়।

২০১৯ সালের পর কোনো সংস্করণেই আর সেঞ্চুরি না পাওয়া কোহলি টেস্টে সবশেষ ১২ ইনিংসে ফিফটি করতে পারেন কেবল একটি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব লম্বা রান খরা হয়নি এখনও। তবে তিনি যে সেরা সময়ের ধারেকাছে নেই এবং সামগ্রিকভাবে ছন্দে নেই, তা স্পষ্ট তার প্রতিটি ইনিংসেই।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ কোহলি নিজেকে মেলে ধরতে পারেননি ওয়ানডেতেও। প্রথম ওয়ানডেতে চোটের কারণে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে ভালো শুরু করেও ফেরেন মাত্র ১৬ রান করে। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮ ইনিংস সেঞ্চুরি ছাড়া আছেন কোহলি।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগে স্বরূপে নেই কোহলি। এই সংস্করণের দলে তাই তার কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন। কিংবদন্তি অলরাউন্ডার ও ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তো সরাসরিই বলেছেন কোহলিকে বাদ দিয়ে ফর্মে থাকা তরুণদের খেলানোর।

কঠিন এই সময়ে যেমন সমালোচনার মুখে পড়তে হচ্ছে কোহলিকে, তেমনি পাশেও পাচ্ছেন তিনি সাবেক-বর্তমান ক্রিকেটারদের অনেককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে পিটারসেন দিয়েছেন এগিয়ে যাওয়ার পরামর্শ।

“তুমি এগিয়ে যাও! ক্রিকেটে তুমি যা করেছো, লোকে কেবল সেসবের স্বপ্নই দেখতে পারে। আর যারা করেছে তারা এই খেলার সেরা কিছু ক্রিকেটার।”

এখন পর্যন্ত ১০২ টেস্ট খেলা কোহলির রান ৮ হাজার ৭৪, গড় ৪৯.৫৩। ২৭ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ২৮টি। ওয়ানডে খেলেছেন ২৬১ ম্যাচ, ৫৭.৮৭ গড়ে রান করেছেন ১২ হাজার ৩২৭। নামের পাশে সেঞ্চুরি ৪৩টি, ফিফটি ৬৪টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচ খেলে ৫০.১২ গড় ও ৩০ ফিফটিতে ডানহাতি এই ব্যাটসম্যানের রান ৩ হাজার ৩০৮।

একটা সময় মনে করা হতো আন্তর্জাতিক ক্রিকেটে শচিন টেন্ডুলকারের রেকর্ড ১০০ সেঞ্চুরি ভাঙতে পারেন কোহলি। আপাতত সেই আলোচনায় ভাটা পড়েছে। ৭০ সেঞ্চুরি নিয়ে তালিকায় এখন তৃতীয় স্থানে তিনি। তার ওপরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের শতক ৭১টি।