টেস্টের মাঝপথে ছিটকে গেলেন নিসানকা
করোনাভাইরাস যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কান ক্রিকেটারদের। আক্রান্ত হচ্ছেন দলটির একের পর এক সদস্য। এই তালিকায় নতুন সংযোজন পাথুম নিসানকা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টের মাঝপথে ছিটকে পড়তে হলো এই ওপেনারকে।
শ্রীলঙ্কা ক্রিকেট সোমবার নিসানকার কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কথা জানায়। আগের দিন সকালে করানো এন্টিজেন পরীক্ষায় পজিটিভ ফল আসে চলতি টেস্টের প্রথম ইনিংসে ৬ রান করা এই ব্যাটসম্যানের।
তাকে আইসোলেশনে রাখা হয়েছে। নিসানকার কোভিড বদলি হিসেবে একাদশে যোগ করা হয়েছে ওশাদা ফার্নান্দোকে। সিরিজের প্রথম টেস্টেও একইভাবে খেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হারা ওই ম্যাচের মাঝে অ্যাঞ্জেলো ম্যাথিউসের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় খেলানো হয় ওশাদাকে।
প্রথম টেস্টের পর আক্রান্ত হন আরও চার জন। কোভিড-১৯ পজিটিভ হয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েন প্রাভিন জয়াবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্দো ও জেফ্রি ভ্যান্ডারসে।
পাঁচ দিনের আইসোলেশন কাটিয়ে অবশ্য চলতি টেস্টে খেলছেন ম্যাথিউস।
অস্ট্রেলিয়া শিবিরের কারো শরীরে এখন পর্যন্ত ধরা পড়েনি করোনাভাইরাস। সফরের আগে দেশেই কোভিড-১৯ পজিটিভ হওয়ায় শ্রীলঙ্কায় আসতে দেরি হয় প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের।
