২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকি ও শিরাজ, বিপিএলের দুই ‘অচেনা’ বিদেশির গল্প

আফগানিস্তানের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন একজন। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা বলতে সম্বল ওইটুকুই। আরেকজন তো আন্তর্জাতিক ক্রিকেটের ধারেকাছেও আসতে পারেননি। স্বীকৃত টি-টোয়েন্টিই খেলেছেন মোটে ৫টি। আন্তর্জাতিক ক্রিকেটে দুজন একদমই অচেনা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খুব চেনা মুখ নন। তবু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন দুজনই। প্রথমজন ফজলহক ফারুকি, পরেরজন শিরাজ আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2021, 05:03 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

তারকা সমৃদ্ধ ঢাকা ড্রাফট থেকে দলে নিয়েছে আফগান ফারুকিকে। সিলেট সানরাইজার্সে খেলবেন সংযুক্ত আরব আমিরাতের শিরাজ।

দুজনই বাঁহাতি পেসার। দুজনের আরেকটি বড় মিল, বিপিএলে দল পাওয়ায় বড় ভূমিকা রেখেছে এই মাসেই শেষ হওয়া আবু ধাবি টি-টেন লিগ। টুর্নামেন্টে দুজন খেলেছেন একই দলে-দিল্লি বুলস।

দুজনের মধ্যে অভিজ্ঞতা কিছুটা বেশি ফারুকির। আফগানিস্তানের বয়সভিত্তিক দলগুলি পেরিয়ে ইমার্জিং দলে খেলে জাতীয় দলে জায়গা পান ২১ বছর বয়সী এই পেসার। গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে সফরে আফগানদের টেস্ট ও টি-টোয়েন্টি দলে জায়গা পান তিনি। টেস্ট একাদশে সুযোগ পাননি, তবে ওই সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়ে যায়।

অভিষেক ম্যাচে তিনি উইকেট পান প্রথম ওভারেই। ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেট ছিল ওই একটিই। এখনও পর্যন্ত সেটিই হয়ে আছে তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ।

পরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে সুযোগ পান তিনি। আইপিএলের আগের আসরে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের নেট বোলার।

গত জুলাইয়ে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াডেও সুযোগ পান তিনি। তবে সিরিজটি পরে হয়নি।

এখনও পর্যন্ত ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার উইকেট ২২টি, ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট ৬টি। আন্তর্জাতিক ওই ম্যাচটি ছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন স্রেফ একটি।

শিরাজের সেই ধরনের কোনো অভিজ্ঞতাও নেই। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছে এই মাসেই লঙ্কা প্রিমিয়ার লিগে। সেখানে বাংলাদেশের পেসার আল আমিন হোসেনের সঙ্গে ক্যান্ডি ওয়ারিয়র্স দলে ছিলেন তিনি। ৫ ম্যাচে প্রাপ্তি ছিল ৬ উইকেট, ওভারপ্রতি রান দেন নয়ের কাছাকাছি।

তবে টি-টেন ক্রিকেটে শিরাজ মোটামুটি নিয়মিত মুখ। আবু ধাবি টি-টেনের ২০১৯ আসরে তিনি খেলেছেন। পরে খেলেছেন এই বছরের শুরুতে ও শেষে হওয়া দুটি টি-টেন আসরেই। পারফরম্যান্স যদিও দারুণ কিছু নয়। এবার টি-টেন লিগে ১৩ ম্যাচ খেলে জুটেছে কেবল ৬ উইকেট। ওভারপ্রতি রান গুনেছেন ১১.১২।

ফজলহক ফারুকির বাস্তবতাও অনেকটা একইরকম। শিরাজের দলে খেলেই টি-টেন টুর্নামেন্টে এবার ১২ ম্যাচে তার শিকার ৭ উইকেট। তবে ১০ ওভারের ক্রিকেট বিবেচনায় ওভারপ্রতি রান দিয়েছেন কমই, ৯.২৬।

তবে রেকর্ড যেমনই থাকুক, ফারুকির বোলিং দেখে ও তার সম্পর্কে শুনেই তাকে দলে নিয়ে ঢাকা। প্লেয়ার্স ড্রাফট শেষে সেটিই তুলে ধরলেন ঢাকার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল।

“তার ব্যাপারে আমি বেশ শুনেছি সাম্প্রতিক সময়ে। অনেকের কাছেই তার কথা শুনেছি। সম্প্রতি টি-টেন টুর্নামেন্টে সে বেশ ভালো করেছে। আশা করি এখানেও ভালো করবে।”