নাঈমের ছোবলে নীল রাজশাহী, স্বস্তিতে নেই চট্টগ্রামও
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই দারুণ বোলিংয়ে সুরটা বেঁধে দিলেন শাহিন আলম। পরে রাজশাহী বিভাগের ব্যাটিং লাইন-আপকে গুঁড়িযে দিলেন নাঈম হাসান। প্রতিপক্ষকে দুইশর আগে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে চার উইকেট হারিয়ে স্বস্তিতে নেই চট্টগ্রাম বিভাগও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীকে ১৯৪ রানে গুটিয়ে ব্যাটিং করছে চট্টগ্রাম। ৪ উইকেটে ৫৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে তারা। এখনও ১৩৮ রানে পিছিয়ে দলটি।
৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন নাঈম। দেশের হয়ে এ পর্যন্ত সাতটি টেস্ট খেলা এই অফ স্পিনার এবারের জাতীয় লিগে বল হাতে প্রায় প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন। সামনেই পাকিস্তান সিরিজ। ধারাবাহিক পারফরম্যান্সে দুই টেস্টের আসছে সিরিজের জন্য দলে জায়গা পাওয়ার দাবিটা জানিয়ে রাখছেন তিনি।
চট্টগ্রামের হয়ে এই ম্যাচে খেলছেন না মুমিনুল হক। বাংলাদেশ টেস্ট অধিনায়ক গোড়ালিতে হালকা চোট পেয়েছেন। তবে গুরুতর কিছু নয়।
পিচের কিছু জায়গায় আছে ঘাস, কিছু জায়গা একেবারেই ন্যাড়া। এমন উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী শুরুতেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে।
প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন শাহিন। নিজের দ্বিতীয় ওভারেই প্রথম স্লিপে ক্যাচে পরিণত করেন মিজানুর রহমানকে। পরের ওভারে তানজিদ হাসানকে ফেরান কট বিহাইন্ড করে।
১৮ রানে দুই উইকেট হারানো দলের হাল ধরতে পারেননি জুনায়েদ সিদ্দিকও। ৪০ রানের জুটিতে বিপদ কাটিয়ে ওঠার আভাস দেন মোহাইমিনুল খান ও ফরহাদ হোসেন। ২৬ রান করা মোহাইমিনুলকে ফিরিয়ে তাদের প্রতিরোধ ভাঙেন হাসান মুরাদ। কয়েক ওভার পর বাঁহাতি এই স্পিনারের শিকার ফরহাদ হোসেনও (২৪)।
এরপর প্রিতম কুমারকে নিয়ে ইনিংসে সর্বোচ্চ জুটি গড়েন ফরহাদ রেজা। দুইজনেই আগ্রাসী ব্যাটিংয়ে বাড়াতে থাকেন দলের রান। ২ ছক্কা ও ৩ চারে ৪১ রান করা প্রিতমকে বোল্ড করে ৬৬ রানের জুটি ভাঙেন নাঈম।
পরের চার উইকেটই তার শিকার। একে একে সাজঘরে ফেরত পাঠান সানজামুল ইসলাম, মুক্তার আলি, শফিকুল ইসলাম ও ফরহাদ রেজাকে। ২৫ রান তুলতে শেষ ৫ উইকেট হারায় রাজশাহী।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে ৪৫ বলে ফিফটি তুলে নেন ফরহাদ রেজা। তার ৩ ছক্কা ও ৬ চারে ৪৯ বলে ৫৪ রানের ইনিংস থামিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দশম পাঁচ উইকেট পূর্ণ করেন নাঈম।
প্রতিপক্ষকে অল্পতে থামিয়ে দেওয়ার স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি চট্টগ্রামের। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই জসিমউদ্দিন বোল্ড হয়ে যান ফরহাদ রেজার বলে।
এক ওভারে জোড়া শিকার ধরেন সানজামুল। বাঁহাতি এই স্পিনার এলবিডব্লিউ করে দেন আগের রাউন্ডের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসানকে। দুই বল পর রানের খাতা খোলার আগেই ফিরে যান শাহাদাত হোসেন।
দিনের শেষ ওভারে আরেকটি উইকেট হারায় চট্টগ্রাম। সাকলাইন সজিবের বলে স্টাম্পড হয়ে যান ২ চারে ৩০ রান করা পিনাক ঘোষ।
এদিকে, পঞ্চম রাউন্ডের প্রথম দিন বৃষ্টির কারণে প্রথম স্তরের দুই ম্যাচের একটিতেও মাঠে বল গড়ায়নি। এমনকি সম্ভব হয়নি টসও।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ৫৪.৪ ওভারে ১৯৪ (তানজিদ ১২, মিজানুর ৪, জুনায়েদ ৬, মোহাইমিনুল ২৬, ফরহাদ ২৪, প্রিতম ৪১, ফরহাদ রেজা ৫৪, সানজামুল ২, মুক্তার ১, শফিকুল ০, সজিব ২*; মেহেদি রানা ১২-৩-৪৯-১, শাহিন ১০-২-৪৪-২, নাঈম ১৯.৪-১১-৪২-৫, মুরাদ ১২-৩-৪১-২, সাজ্জাদুল ১-০-৬-০)।
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৬ ওভারে ৫৬/৪ (পিনাক ৩০, জসিমউদ্দিন ২, মাহমুদুল ১৪, শাহাদাত ০, তাসামুল ৬*, ইরফান ০*; শফিকুল ৩-০-১২-০, ফরহাদ রেজা ৬-১-১২-১, মোহাইমিনুল ২-০-৬-০, সানজামুল ৮-২-১৪-২, মুক্তার ৬-৩-৯-০, সজিব ১-১-০-১)।
