২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈম-তানজিদ-শামীমের দ্যুতিময় ব্যাটিং

একবার সহজ ক্যাচ দিয়ে বেঁচে গেলেন তানজিদ হাসান তামিম। আরও বার দুয়েক আউট হলেন না অল্পের জন্য। এসবের ফাঁকে দেখালেন দুর্দান্ত সব স্ট্রোকের ঝলক। তবে তিন অঙ্কে ছুঁতে পারলেন না। আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখও একই পথের পথিক, দারুণ সব শট খেলেও পারলেন না সেঞ্চুরিতে যেতে। শামীম হোসেন অবশ্য আরও একবার দেখালেন তার ফিনিশিং দক্ষতা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 07:33 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

হাই পারফরম্যান্স (এইচপি) দলের একদিনের প্রস্তুতি ম্যাচে এই তিনজনের পাশাপাশি ফিফটি করেছেন এই ম্যাচের দুই অধিনায়ক আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ও। তবে দুজনের ইনিংস ছিল দুইরকম। ফিফটির পর দলকে টেনে নেওয়ার দায়িত্ব পূরণ করতে পারেননি আফিফ। হৃদয় অপরাজিত ফিফটিতে ফিরেছেন দলের জয় সঙ্গে নিয়ে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার এই ম্যাচে আফিফের ‘এ’ টিমকে ৬ উইকেটে হারিয়েছে হৃদয়ের ‘বি’ টিম।

৫ ফিফটির ম্যাচে বোলাররা তেমন কেউ খুব ভালো করতে পারেননি। গতি, লেংথ ও প্রচেষ্টা দিয়ে যা একটু নজর কেড়েছে কেবল পেসার রেজাউর রহমান রাজার বোলিং।

নাঈম ও শাহাদাত হোসেনের বাউন্ডারির মহড়ায় শুরু হয় ম্যাচ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ওপর চড়াও হন দুজনই। তবে ১৯ রান করে শাহাদাত বোল্ড হয়ে যান পরিবর্ত পেসার মুকিদুল ইসলামের বলে।

দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর এই ম্যাচেও ধুঁকেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনে নেমে ১৫ রান করতে খেলেছেন তিনি ৩৪ বল।

নাঈম শেখ এসময় ধরে রেখেছেন রানের গতি। আফিফ উইকেটে গিয়ে কিছুটা সময় নেন থিতু হতে। খুব লম্বা হয়নি এই জুটি। দুই বাঁহাতির জন্য শামীমের অফ স্পিন আক্রমণে আনেন অধিনায়ক। কাজ হয় তাতে। নাঈম ফেরেন ক্যাচ দিয়ে। ৮ চার ও ১ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৬৯ বলে ৬৭।

এরপর মৃত্যুঞ্জয় চৌধুরিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আফিফ। কিন্তু মাহমুদুল হাসান জয়ের সরাসরি থ্রো মৃত্যুঞ্জয়কে থামায় ১৮ রানে। আফিফ ফিফটি স্পর্শ করেন ৭৯ বলে। পরের বলেই তিনি বিদায় নেন আলগা শটে, উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন আকবর আলি।

এই দলের লেজ ছিল অনেক লম্বা, বাঁহাতি স্পিনার রকিবুল হাসান নামেন ৬ নম্বরে, সাতে পেসার সুমন খান। প্রতিপক্ষ বোলাররা তবু গুটিয়ে দিতে পারেনি ইনিংস। রকিবুল, সুমনরা লড়াই করে ৫০ ওভার খেলে ফেলেন। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের করা ইনিংসের শেষ ওভারে একটি ছক্কা ও দুটি চারে কিছু রান বাড়ান শফিকুল ইসলাম।

রান তাড়ায় টিম ‘বি’ ওপেনার পারভেজ হোসেনকে হারায় ৫ রানে। আরেক ওপেনার তানজিদ খেলতে থাকেন নিজের সহজাত আগ্রাসী সব শট। তিনে নামা মাহমুদুল থিতু হতে ভুগছিলেন। তানজিদের সৌজন্যে তবু রান আসতে থাকে দ্রুত।

তানজিদকে থামাতে পেস সরিয়ে বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে আনা হয় আক্রমণে। প্রথম বলেই লং অনে ক্যাচ তুলে দেন তানজিদ। সহজ সেই ক্যাচ নিতে পারেননি শাহিন আলম। একটু পর সেই তানভিরকে মিড উইকেট দিয়ে ছক্কায় ওড়ান তানজিদ। পরে একই জায়গা দিয়ে ছক্কা মারেন আরেক বাঁহাতি স্পিনার রকিবুলকে।

অতিরিক্ত শট খেলার প্রবণতাই আবার কাল হয় তানজিদের জন্য। রকিবুলের বলে ধরা পড়েন তিনি মিড উইকেটে।

তৌহিদ হৃদয় ঠাণ্ডা মাথায় এগিয়ে নিতে থাকেন দলকে। আকবর তিনটি বাউন্ডারি মেরে বোল্ড হয়ে যান তানভিরের বলে। শামীমের সাবলীল ব্যাটিংয়ে তবু চাপে পড়তে হয়নি তাদের।

দুই দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ঘোষণার তাড়ার সময় ঝড়ো ফিফটি করা শামীম এবার পরিস্থিতির দাবি মেটানে আরেকটি ইনিংস খেলে অপরাজিত থাকেন ৬৮ বলে ৬৭ রানে। হৃদয় ৫০ রানে অপরাজিত থাকেন ৭৯ বল খেলে।

অনুশীলনের অংশ হিসেবে বৃহস্পতিবার একটি টি-টোয়েন্টি খেলবে এইচপির ক্রিকেটাররা।

সংক্ষিপ্ত স্কোর:

টিম ‘এ’: ৫০ ওভারে ২৪০/৭ (নাঈম শেখ ৬৭, শাহাদাত ১৯, মাহিদুল ১৫, আফিফ ৫০, মৃত্যুঞ্জয় ১৮, রকিবুল ২৭, সুমন ১৭, তানভির ৩*, শফিকুল ১৬*; শরিফুল ৪-০-৩৬-০, রেজাউর ১০-০-৪৫-২, মুরাদ ৮-০-৪০-০, মুকিদুল ১০-১-৪৮-২, রিশাদ ১০-০-৪২-১, শামীম ৬-১-২১-১, হৃদয় ২-০-৭-০)।

টিম ‘বি’: ৪৭.৩ ওভারে ২৪১/৪ (তানজিদ ৭৪, পারভেজ ৫, মাহমুদুল ১৪, হৃদয় ৫০*, আকবর ১৯, শামীম ৬৭*; শফিকুল ৩.৩-০-৩৮-০, সুমন ৯-০-৪১-১, শাহিন ৭-০-৩২-০, তানভির ১০-০-৪৬-১, আফিফ ৫-১-১৮-০, নোমান ৬-০-২৩-১, রকিবুল ৭-০-৩৩-১)।

ফল: টিম ‘বি’ ৬ উইকেটে জয়ী