‘স্মিথ একইসঙ্গে জিনিয়াস ও অদ্ভূত’
আন্তর্জাতিক ক্রিকেটে তারা প্রবল প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে স্টিভ স্মিথের জন্য কেবল শ্রদ্ধাই রয়েছে বেন স্টোকসের। ইংলিশ এই অলরাউন্ডারের কাছে অস্ট্রেলিয়ার স্মিথ একই সঙ্গে অদ্ভূত ও অসাধারণ।
সবশেষ অ্যাশেজে ইংলিশদের খুব ভুগিয়েছেন স্মিথ। অভিজ্ঞতা থেকেই ব্যাটসম্যান হিসেবে তাকে অন্য পর্যায়ের মনে করেন স্টোকস। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের বিশ্বকাপে স্মিথ খেলেছিলেন তিনটি অর্ধশতকের ইনিংস। তার আসল রূপ দেখা যায় বিশ্বকাপ পরবর্তী অ্যাশেজে।
১৮ বছরের মধ্যে ইংল্যান্ডে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার অ্যাশেজ ধরে রাখায় রাখেন সবচেয়ে বড় অবদান। ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান করে স্টোকসের সঙ্গে যুগ্মভাবে হন প্লেয়ার অব দা সিরিজ।
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে এক সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে ইংল্যান্ডের অন্যদের চেয়ে স্মিথকে ভালো করে চেনেন স্টোকস। কাছ থেকে দেখে শ্রদ্ধা আরও বেড়েছে তার।
“সে যে অদ্ভূত, এটা সে স্বীকার করে। সে এটা জানে! তবে আমার মনে হয়, জিনিয়াস হতে হলে একটু অদ্ভূত হতেই হয়। সে দুটোই।”
আইপিএল দলটির হয়ে আলাপচারিতায় স্টোকস জানান, প্রতিপক্ষ হিসেবে কখনও কখনও স্মিথের সামনে অসহায় হয়ে পড়তে হয়।
“যদিও সে অস্ট্রেলিয়ার হয়ে খেলে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী-তারপরও এই ধরনের কোনো খেলোয়াড়ের ব্যাপারে স্বীকার করতেই হবে, ব্যাটিংয়ের দিক থেকে সে অন্য পর্যায়ের।”
“আমি কখনও এমন হতে পারব না। ব্যক্তিগতভাবে ব্যাটিংয়ের ব্যাপারে সে যেভাবে ভাবে আমি কখনও সেভাবে পারিনি। সে সব সময়ই ব্যাটিং নিয়ে ভাবে আর এ কারণেই টেস্টে তার গড় ৬০। কোনটা ঠিক কোনটা ভুল এ নিয়ে বলার জন্য আমি কেউ নই, এটা তার ব্যাপার।”
