তামিমের সঙ্গে দ্বিমত বিসিবি পরিচালক মল্লিকের
টি-টোয়েন্টির জন্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকে যথাযথ মনে হচ্ছে না ইসমাইল হায়দার মল্লিকের। তবে মিরপুরের উইকেটকে ‘জঘন্য’ মানতে আপত্তি আছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের। তার দাবি, ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে আসায় ছোট স্কোর হয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকায় বিপিএল ফেরার পর শুক্রবারের প্রথম ম্যাচে ৯৭ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। ছোট লক্ষ্য তাড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেতে শেষ ওভারে। ম্যাচ শেষ উইকেটের সমালোচনা করেন দুই দলের অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজার মতে মিরপুরের এই উইকেট অগ্রহণযোগ্য। তামিমের কাছে জঘন্য।
বিসিবি পরিচালক মল্লিক শনিবার গণমাধ্যমকর্মীদের জানান, খালি চোখে দেখে উইকেট তাদের কাছেও টি-টোয়েন্টির জন্য যথাযথ মনে হয়নি।
“আমরা গ্রাউন্ডসের (দায়িত্বশীলদের) সঙ্গে বসেছি। আমরা তাদের বলেছি উইকেট যেন আরেকটু ভালো হয়। তাই বলে উইকেট কিন্তু এতটা খারাপ না, একটা ম্যাচ এক্সিডেন্টালি কম স্কোর হয়ে গেছে। ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছে, গতকালের ম্যাচে এমনটিই মনে হয়েছে।”
শনিবারের প্রথম ম্যাচে রান হয়েছে আরও কম। সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬৭ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম ভাইকিংস।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিক উইকেট প্রসঙ্গে ঢাল বানিয়েছেন রাজশাহী কিংসের বিপক্ষে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের ২০৫ রানকে। শিরোপাধারীদের অত বড় সংগ্রহ এনে দেওয়ায় সবচেয়ে বড় অবদান রাখা সুনিল নারাইন চারবার জীবন পেয়ে করেন ৬৯ রান।
“একটা উইকেট বদলাতে মাস চারেক সময় লাগে। বিপিএলের আগে খেলা ছিল জাতীয় দলের, উইকেটগুলো সেভাবেই বানানো। তারপরও যাতে একদম খারাপ উইকেট না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে বলেছি। উনারা বলেছেন যে, সামনের ম্যাচগুলোতে ব্যবস্থা নেবেন।”
“এই উইকেট বলতে পারেন যে, টি-টোয়েন্টির জন্য অতটা ভালো না। তামিম গতকাল খেলার পরে আমার কাছেও বলেছে, উইকেট যথাযথ না। এই ব্যাপারে ওর সঙ্গে আমি একমত যে, টি-টোয়েন্টির জন্য উইকেট যথাযথ না। কিন্তু এটা জঘন্য উইকেটও না।”
সংবাদ সম্মেলনে তামিম কাঠগড়ায় তুলেছিলেন কিউরেট গামিনি ডি সিলভাকে। তবে লঙ্কান কিউরেটর পাশে পাচ্ছেন বিসিবি পরিচালক মল্লিককে।
“কিউরেটরের সামর্থ্যের প্রশ্ন এখানে আসা অবান্তর। এই কিউরেটরের অধীনে গত চার বছর ম্যাচ পরিচালিত হচ্ছে। এই মাঠে বাংলাদেশ দলের অনেক সাফল্য আছে।… এখন একটা দল ৯৭ রানে অলআউট হয়ে গেল। ব্যাটসম্যানরা নিজেদের ঠিকঠাক প্রয়োগ করল না…. কিউরেটরকে দোষ দিল এটা কিন্তু গ্রহণযোগ্য না।”
