ব্রাদার্সকে জেতালেন মাইশুকুর-ফরহাদ
দারুণ অপরাজিত ইনিংসে দলকে টানলেন মাইশকুর রহমান। সঙ্গ দিলেন ফরহাদ হোসেন। শেষ দিকে ঝড়ো ইনিংস খেললেন ধীমান ঘোষ। বল হাতে আবার সফল তরুণ স্পিনার নিহাদুজ্জামান। আবার জয়ের মুখ দেখল ব্রাদার্স।
ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৭১ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপিতে ব্রাদার্সের ২৬৭ রান তাড়ায় খেলাঘর করতে পারে ১৯৬ রান।
প্রথম তিন ম্যাচেই হেরে যাওয়া ব্রাদার্সের এটি টানা দ্বিতীয় জয়। পাঁচ ম্যাচে খেলাঘর হারল চারটিতেই।
টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স শুরুতেই হারায় ফর্মে থাকা জুনায়েদ সিদ্দিককে। তবে দ্বিতীয় উইকেটেই ৫৭ রানের জুটি গড়েন মিজানুর রহমান ও ফরহাদ হোসেন।
৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে ফেরেন ওপেনার মিজানুর। তৃতীয় উইকেটে ফরহাদের সঙ্গে দাঁড়িয়ে যান মাইশুকুর। দুজনের জুটি ৬২ রানের।
৬ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করে আউট হন ফরহাদ। ভারতীয় মানবিন্দর বিসলা ও অধিনায়ক অলক কাপালীও ফিরেছেন দ্রুত। তবে শেষ দিকে দ্রুত রানের দাবি মিটিয়েছেন মাইশুকুর ও ধীমান। দুজনের জুটিতে শেষ ৬ ওভারে ব্রাদার্স তুলেছে ৬৬ রান!
শেষ পর্যন্ত ৯০ বলে ৮৪ রানে অপরাজিত মাইশুকুর। ধীমান অপরাজিত ২১ বলে ৪২ রানে।
খেলাঘরের শ্রীলঙ্কান স্পিনার সুরজ রনদিভ ছিলেন উইকেটশূন্য। রান তাড়ায় ব্যর্থ খেলাঘরের ব্যাটসম্যানরাও। জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি তারা। শুরু থেকে উইকেট হারিয়েছে নিয়মিত।
তিনে নেমে অভিজ্ঞ নাজিম উদ্দিন চেষ্টা করেছেন লড়াইয়ের। দশে নেমে ডলার মাহমুদের অর্ধশতক কমিয়েছে ব্যবধান। তার পরও ব্রাদার্সের জয় বড় ব্যবধানে।
আগের ম্যাচে চার উইকেটের পর বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান এবার নিয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স: ৫০ ওভারে ২৬৭/৬ (মিজানুর ৪৮, জুনায়েদ ৪, ফরহাদ ৬৭, মাইশুকুর ৮৪, বিসলা ১৫, অলক ২, সাদ্দাম ০, ধীমান ৪২*; ডলার ০/৩৫, রনদিভ ০/৪৮, মাসুম ১/২৯, রেজাউল ১/৪৬, তানভির ৩/৪৯, সাদাত ১/৪২, রবিউল ০/১৬)।
খেলাঘর: ৫০ ওভারে ১৯৬/৯ (রবিউল ১৪, নাফিস ২২, নাজিম উদ্দিন ৬৮, অমিত ১, সাদাত ৪, রেজাউল ৪, রনদিভ ৪, মাসুম ৫, মিলন ২, ডলার ৫৩*, তানভির ৫*; সাদ্দাম ১/২৩, নিহাদ ৩/৩৭, কামরুল ১/৩৯, অলক ২/২৪, নাঈম ০/৪০, বিসলা ২/২৪)।
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৭১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাইশুকুর রহমান।
