মাশরাফিদের ক্যাম্পের শুরুতে স্থানীয় ট্রেনার
ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। তবে ফিটনেস দিয়ে শুরু হতে যাওয়া ক্যাম্পের তত্ত্বাবধানে থাকার কথা যার, সেই জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ছুটি থেকে ফিরছেন না এখনই। অন্তত শুরুর কদিন তাই ক্যাম্প পরিচালনা করবেন স্থানীয় দুই ট্রেনার।
আপাতত দায়িত্বে থাকবেন বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম। তাকে সহায়তা করবেন আরেক ট্রেনার তুষার কান্তি হালদার।
ঈদের আগে ছুটিতে যাওয়া ভিল্লাভারায়নের ফেরার কথা ছিল ক্যাম্প শুরুর আগেই। কিন্তু গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে ফিরতে পরিবারের সঙ্গে বোঝাপড়া করতে হচ্ছে লঙ্কান এই ট্রেনারকে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কদিন দেরি হলেও ট্রেনারের ফেরা নিয়ে শঙ্কা নেই।
“ওর একটু পারিবারিক ঝামেলা আছে। এছাড়া গুলশানে হামলার পর স্বাভাবিক ভাবেই একটু ভড়কে গেছে। বিদেশি স্টাফদের মধ্যে একমাত্র সে-ই পরিবার নিয়ে থাকত ঢাকায়। এখন এই পরিস্থিতিতে পরিবারকে বোঝানোর ব্যাপার আছে। তবে সে ফিরবে অবশ্যই। সুনির্দিষ্ট তারিখ ঠিক না হলেও ক্যাম্প শুরুর দু-চারদিনের মধ্যে ফিরবে আশা করি।”
“মারিও নিজেই সুপারিশ করেছে ইফতিকে দিয়ে ক্যাম্প শুরু করে দিতে। আমরা সেভাবেই পরিকল্পনা করেছি।”
হামলার দুদিন আগেই ছুটিতে গিয়েছিলেন ভিল্লাভারায়ন। ছুটিতে না গেলে তিনিও সেই রাতে থাকতে পারতেন ওখানে, এটা ভেবেই নাকি আতঙ্কিত হয়ে পড়েছে ভিল্লাভারায়ন পরিবার।
চন্দিকা হাথুরুসিংহেও ছিলেন এই ক্যাফের নিয়মিত মুখ। ওখান থেকে বেঁচে আসা এক শ্রীলঙ্কান নাগরিক জাতীয় দলের কোচের ঘনিষ্ঠ বন্ধু। আতঙ্কিত তাই হাথুরুসিংহেও। তবে তার ফেরা নিয়েও সংশয় নেই। ক্যাম্পের শুরুতে যেহেতু ফিটনেস নিয়েই কাজ, বিসিবিই কোচকে বলেছে কদিন পরে ফিরতে।
শুরু থেকে ভিল্লাভারায়নের না থাকাতেও খুব সমস্যা দেখছেন না আকরাম খান। জানালেন, উপস্থিত না থাকলেও ঠিকই তদারকি করবেন ভিল্লাভারায়ন।
“ক্রিকেটারদের ঢিলেমির সুযোগ নেই। ফিটনেসের ব্যাপার এখানে, স্থানীয়রা সবাইকে নিয়েই রিপোর্ট পাঠাবে ওর কাছে।”
ভিল্লাভারায়ন-হাথুরুসিংহেরা ফেরার আগেই দেশে ফিরে যাচ্ছেন বিসিবির হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার (মূলত ফিজিও উপদেষ্টা) অস্ট্রেলিয়ার ব্রেট হ্যারপ। আনুষ্ঠানিক কারণ 'পারিবারিক সমস্যা'। তবে বিসিবির সূত্র জানিয়েছে, গুলশান হামলার পর পারিবারিক উদ্বেগেই ফিরে যাচ্ছেন হ্যারপ।
