২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজিদের শতকে সুপার লিগে ভিক্টোরিয়া

আব্দুল মজিদের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার লিগ নিশ্চিত করেছে ভিক্টোরিয়া। বিশাল লক্ষ্য দিয়ে ব্রাদার্স ইউনিয়নকে সহজেই ১১২ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 05:37 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩০২ রান করে ভিক্টোরিয়া। দলটির বড় সংগ্রহে ১৭০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন মজিদ ও ফজলে মাহমুদ।

চলতি আসরে নিজের প্রথম শতক পেয়েছেন মজিদ; লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয়। আগের সেরা অপরাজিত ১০২ রান ছাড়িয়ে খেলেছেন ১১৮ রানের চমৎকার এক ইনিংস।

এমনিতে এক প্রান্ত আগলে রেখে ধীর স্থির ব্যাটিংয়ের জন্য পরিচিত মজিদ। এদিন রানের গতি বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন তিনি। ৫৭ বলে আসে পঞ্চাশ, ১০৫ বলে শতক। শেষ পর্যন্ত ১১৭ বলে ১১৮। ফিরতি ক্যাচে মজিদকে বিদায় করেন ইফতেখার সাজ্জাদ।

১১টি চার আর চারটি ছক্কায় সাজানো দারুণ এই ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মজিদ।

এমন শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি ভিক্টোরিয়া। প্রথম বলেই শূন্য রানে ফিরে যান মুমিনুল হক। বেশিক্ষণ টিকেননি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদ (৭১)। উইকেটে থিতু হয়ে বিদায় নেন আল আমিন জুনিয়র ও চতুরঙ্গা ডি সিলভা।

শেষের দিকে ধীমান ঘোষের দৃঢ়তায় তিনশ’ রানের সংগ্রহ গড়ে ভিক্টোরিয়া।

৫০ রানে চার উইকেট নিয়ে ব্রাদার্সের সেরা বোলার নাবিল সামাদ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ ওভার তিন বলে ১৯০ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি কখনও সেভাবে জয়ের সম্ভাবনা জাগাতে পারেননি।

মাহবুবুল আলমের নিচু হওয়া বলে এলবিডব্লিউ হয়ে যান শাহরিয়ার নাফিস। কামরুল ইসলাম রাব্বির দারুণ এক বলে বোল্ড হন ব্রাদার্সের আরেক ব্যাটিং ভরসা ইমরুল কায়েস। দুই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

ব্রাদার্সের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল তুষার ইমরান। তার একার লড়াইয়ে দলটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল। ১৫তম ওভারে ৪৬ রানে ৫ উইকেট হারানো ব্রাদার্স দুইশ’ রানের কাছাকাছি যায় অধিনায়কের দৃঢ়তায়।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন তুষার। ১১টি চারে গড়া তার ১২৬ বলের ইনিংস শেষ হয় মাহবুবুলের বলে বোল্ড হয়ে।

নবম উইকেটে তুষারের সঙ্গে ৯৭ রানের জুটি গড়া আসিফ আহমেদ করেন ২৩ রান।

৩৩ রানে তিন উইকেট নিয়ে ব্রাদার্সের সেরা বোলার মাহবুবুল।

এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ভিক্টোরিয়া। রান রেটে পিছিয়ে তিন নম্বরে আছে দিনের অন্য ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারানো লেজেন্ডস অব রূপগঞ্জ। ১৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে প্রাইম দোলেশ্বর।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৫০ ওভারে ৩০২/৯ (মজিদ ১১৮, মাহমুদ ৭১, মুমিনুল ০, আল আমিন ৩৩, চতুরঙ্গা ২৩, নাদিফ ৩, ধীমান ২৬, সোহরাওয়ার্দী ১১, মাহবুবুল ৫*, এনামুল ৭, রাব্বি ০*; নাবিল ৪/৫০, ইফতেখার ২/৪৫, আসিফ ২/৬৬, শহীদ ১/৫৩)

ব্রাদার্স ইউনিয়ন: ৪৫.৩ ওভারে ১৯০ (শাহরিয়ার ১, ইমরুল ৮, তুষার, জাকির ৮, সাজ্জাদ ২, সাদিকুর ৭, রুমান ১৮, নুর আল ০, শহীদ ১, আসিফ ২৩, নাবিল ০*; মাহবুবুল ৩/৩৩, রাব্বি ২/২৫, আল আমিন ২/৩৪, এনামুল ১/১৫, সোহরাওয়ার্দী ১/৩৬)

ফল: ভিক্টোরিয়া ১১২ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: আব্দুল মজিদ।

পুরনো খবর:

এমন কিছুরই স্বপ্ন দেখতেন হাসানুজ্জামান