এমন কিছুরই স্বপ্ন দেখতেন হাসানুজ্জামান
“যদিও জানি আমি এমন কেউ নই, তবু স্বপ্ন দেখতাম লাইম লাইটে আসার। স্বপ্নের তো কোনো সীমানা নেই!” মাঠের দিকে তাকিয়ে যেন স্বপ্নের ঘোরেই বলছিলেন হাসানুজ্জামান।
‘লাইম লাইটে আসার খুব ইচ্ছে?’ প্রশ্ন শুনে সম্বিত ফিরল তার। লাজুক হেসে বললেন, “কে না চায়, বলুন!”
এই স্বপ্ন তার পূরণ হয়েছে কিছুটা হলেও। শনিবার দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়ানো কলাবাগান ক্রীড়া চক্র শনিবার মোহামেডানকে হারিয়ে সম্ভাবনা জাগিয়েছে সুপার লিগে খেলার। ১২৬ রানের অপরাজিত ইনিংসে জয়ের নায়ক তাসামুল হক। ম্যাচ সেরাও তিনি।
তবে দেশের ক্রিকেটে তাসামুল পরিচিত নাম। এই লিগে আগের ৯ ম্যাচে ৭ বার বিশ ছুঁয়ে একটিও করতে পারেননি অর্ধশতক। তাসামুলের বড় ইনিংসটি তাই ছিল স্বস্তির। আর হাসানুজ্জামান জাগিয়েছেন বিস্ময়। প্রায় সবারই প্রশ্ন, কে এই হাসানুজ্জামান?
আলোচনায় তিনি বিস্ফোরক এক ইনিংস খেলে। তাসামুল ও তানভির হায়দারের জুটি কলাবাগানকে জেতানোর আগে মোহামেডানের বোলারদের কচুকাটা করেছেন হাসানুজ্জামান। ৪টি চার ও ৮ ছক্কায় করেছেন ৫৩ বলে ৯৫!
এই লিগে এই প্রথম মাঠে নামলেন ডানহাতি এই ওপেনার। তবে দলের সঙ্গে ছিলেন শুরু থেকেই। বাইরে তাকে খুব একটা কেউ না চিনলেও দলের ভেতরে তাকে নিয়ে আলোচনা ছিল গত বেশ কদিন ধরেই। কলাবাগানের উদ্বোধনী জুটি ব্যর্থ হচ্ছিল ম্যাচের পর ম্যাচ। এক ওপেনার জসিমউদ্দিন উইকেটকিপার বলে সরানো ছিল কঠিন। আরেক পাশে একদমই সুবিধা করতে পারছিলেন না তরুণ সাদমান ইসলাম।
তখনই উঠে আসে হাসানের নাম। অনুশীলনে ভালোই করছিলেন। সহজাত আক্রমণাত্মক ব্যাটিংটা ফুটে উঠেছিল নেটেই। তবে দেখার চেয়ে বেশি ছিল শোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি বিন মুর্তজা জানালেন, অনেকের কাছেই শুনছিলেন হাসানের নাম।
“আমার ছোট ভাই ভার্সিটিতে ওর সঙ্গে খেলেছে। ও বারবার বলছিল এই ছেলেটাকে খেলার সুযোগ দিতে। তুষার ইমরানসহ আরও বেশ কজন ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, প্রথম বিভাগে ওর খেলা দেখেছে এমন অনেকেই বলছিল ওকে সুযোগ দিতে। দারুণ নাকি মারতে পারে।”
কলাবাগান অধিনায়ক আরও ৩-৪ ম্যাচ আগেই চেয়েছিলেন হাসানকে খেলাতে। কিন্তু টিম ম্যানেজমেন্ট চাইছিল প্রতিভাবান সাদমানকে আরেকটু সময় দিতে। সাদমান সময় পেলেন। কিন্তু অপেক্ষায় হাসানের সময় ফুরোয় না।
৮ ম্যাচ পর সাদমানকে নিয়ে ধৈর্য্যচ্যুতি। তবে তার জায়গায় সুযোগ পেলেন জুপিটার ঘোষ, অপেক্ষাকৃত অভিজ্ঞ ও খানিকটা বোলিং পারেন বলে। এই পরিবর্তনও কাজে লাগল না। টিম মিটিংয়ে আলোচনা হয়, ওপেনিংয়ে দ্রুত একটা শুরু এনে দেওয়া নিয়ে। হাসান শুনে যান। দেখে যান। এক পর্যায়ে কদিন আগে মাশরাফিকে গিয়ে বললেন, “মাশরাফি ভাই, দল যে ঝড়ো সূচনা চায়, আমি সেটা দিতে পারি। দল যা চায়, আমি করতে পারি। সুযোগ দিয়ে দেখুন!”
অবশেষে দশম ম্যাচে অনেকটা জোর করেই হাসানকে একাদশে রাখলেন মাশরাফি। অধিনায়ক ভুল করেননি। অধিনায়ককে ভুল প্রমাণ করেননি হাসান। অধিনায়কের প্রতি তার কৃতজ্ঞতারও শেষ নেই।
“মাশরাফি ভাই সবসময়ই আমাকে বলে গেছেন যে সুযোগ আসবে। অপেক্ষায় থাকতে, অনুশীলন করে যেতে। আজকে মাঠে নামার সময় বলেছেন কোনো কিছু নিয়ে না ভেবে নিজের মতো করে খেলতে।”
‘নিজের মত’ খেলা মানে আক্রমণাত্মক ব্যাটিং। ‘বল জিনিসটা পেটানোর জন্য’, বরাবরই এই আদর্শের অনুসারী তিনি। প্রথম বিভাগে ইস্কাটনের হয়ে খেলেছেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের হয়ে ইংল্যান্ডে খেলেছেন ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ডে। একই ভাবে ব্যাট করেছেন। গত ঢাকা লিগে সুযোগ পেয়েছিলেন ভিক্টোরিয়ার হয়ে। ৪ ম্যাচে মোট ৪১ রান করার পর বাদ।
মাঝে মধ্যেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলতেন। আবার ওই ‘লাইম লাইট’ -এর স্বপ্নটাই জাগিয়ে দিত। দীর্ঘ অপেক্ষার পর প্রথম সুযোগেই বাজিমাত।
তার ব্যাটিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, পেশির জোর। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই টাইমিং নির্ভর। টাইমিংটা দুর্দান্ত হাসানেরও। সঙ্গে দেখার মতো জোর হাতে। বাংলাদেশের অনেক ব্যাটসম্যানের জন্যই যেটি বিরল। উচ্চতা খুব বেশি নয় (৫ ফুট সাড়ে ৫ ইঞ্চি), তবে সুঠামদেহী। চোখ আর হাতের সমন্বয়ে বল পেটান প্রচণ্ড জোরে। ৮ ছক্কার ৭টিই সীমানা ছাড়িয়েছে অনায়াসে।
‘হাতে এত জোর কোত্থেকে এলো?’ প্রশ্ন শুনে আবার হাসানের মুখে লাজুক হাসি।
“আমার কিন্তু জিম করতে ভালো লাগে না! যেটুকু করলেই নয়, ততটুকুই করি। হাতের জোর আমার ন্যাচারালই।”
আরেকটা দারুণ ব্যাপার হলো, চাবুকের মত ব্যাট চালালেও বেশিরভাগ সময় খেলেন সোজা ব্যাটেই। ৮ ছক্কার একটি হুক করে ফাইন লেগ দিয়ে, দুটি এক্সট্রা কভারের ওপর দিয়ে। বাকি ৫টিই লং অন, লং অফ দিয়ে।
একাদশে নাম আছে, জানার পরই ইচ্ছে ছিল ভালো কিছু করার। তবে এমন বিস্ফোরক ইনিংস খেলবেন ভাবতেও পারেননি। তার এমন ইনিংস, দলের জয়, স্বপ্নময় দিনটায় আক্ষেপ কেবল একটু, শতকটা হলো না। দিনের সম্ভবত সবচেয়ে সহজ বলটিতেই ব্যাট ছোঁয়াতে পারলেন না। নাঈম ইসলামের নিরীহ এক সোজা বল অনসাইডে ঠেলতে গিয়ে এলবিডব্লিউ।
“আর ৫টি রান করতে পারলে খুব ভালো হতো। মাশরাফি ভাইও খবর পাঠিয়েছিলেন উইকেটে থাকতে, সেঞ্চুরিটা করতে। হয়ত একটু অসতর্ক হয়ে গিয়েছিলাম…!”
এই অভিজ্ঞতাটুকু মনে রাখলেই হলো। সঠিক পথে থাকলে হয়ত আরও অনেক বিস্ফোরক ইনিংস ও সেঞ্চুরিতে হাসবেন, হাসাবেন হাসান।
